
ফাতেহ ডেস্ক:
উপকূলীয় এলাকাতে আবহাওয়ার ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় ঢাকার নদী বন্দর সদরঘাট হতে বেতুয়া, রাঙাবালী, খেপুপাডা, চরমন্তাজ নৌপথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
রোববার (৬ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সকালে আবহাওয়াবিদ একে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিংয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে (৭২ ঘণ্টা) বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
