
১১ বছর আগে ২০১৩ সালে গুম হওয়া ছেলের সন্ধান পেতে মামলা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী।
আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে তিনি রাজধানী ঢাকার হাজারীবাগ থানায় তিনি মামলাটি দায়ের করেন।
মাওলানা আহমাদ আলী কাসেমী গণমাধ্যমকে বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি শহিদুল হক, তৎকালীন র্যাব মহাপরিচালক, মো: মোখলেছুর রহমান, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমদ, তৎকালীন ডিবি প্রধান মনিরুল হকসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে মামলায় আসামী করা হয়েছে।
সন্তান গুমের ১১ বছর বিলম্ব করে মামলা করার কারণ হিসেবে তিনি বলেন, আমরা ইতোপূর্বে গুলশান এবং হাজারীবাগ থানায় একাধিকবার মামলা এবং জিডি (সাধারণ ডায়েরি) করতে চেয়েছি। কিন্তু থানার কর্তব্যরত অফিসার তা গ্রহণ করেনি। এমনকি আমাকে তীরস্কার করে বলা হয়েছে, ‘দেখেন খোঁজ নিয়ে আপনার ছেলে জঙ্গী-টঙ্গী হয়ে গেছে কী না!’
হেফাজতের এই নায়েবে আমির বলেন, আলহামদুলিল্লাহ। এখন পরিবেশ পাল্টেছে। তাই মামলাটি করতে পেরেছি। আমরা আমাদের সন্তানের খোঁজ চাই। আমরা পজেটিভ কোনো সংবাদ পাওয়ার আশায় দিন গুণছি।
হাজারীবাগ থানায় মামলা দায়েরের সময় তার সঙ্গে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সহ-অর্থসম্পাদক মাওলানা ইলিয়াস হামিদী, অনলইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমি সাদী (সাইমুম সাদী), ঢাকা মহানগরীর হেফাজতের দায়িত্বশীল মাওলানা সানাউল্লাহ খান, হেফাজেতের লালবাগ জোনের দায়িত্বশীল মাওলানা ফরিদ আহমেদ হেলালী, হাজারীবাগ জোনের দায়িত্বশীল মাওলানা হাবিব মাদানী প্রমূখ।
