
ফাতেহ ডেস্ক:
আজ রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বসছে চলতি একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
এই বিশেষ অধিবেশনে মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে জানানো হয়েছে। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিকদের করোনার টেস্ট করাতে হবে, নেগেটিভ হলেই কেবল অধিবেশনে প্রবেশের অনুমতি মিলবে। করোনাকালে এর আগে পর পর তিনটি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের সুযোগ ছিল না।
অধিবেশনের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্মারক বক্তৃতার মধ্য দিয়ে বিশেষ কার্যক্রম শুরু হবে। এর আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেয়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ দেখানো হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ২১ অক্টোবর বিশেষ অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশনে সাংবাদিকরা ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ অতিথিকে আমন্ত্রণ জানানোর কথা জানানো হয়। অধিবেশনটি গত ২২-২৩ মার্চ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পরে স্থগিত করা হয়।
দেশের ইতিহাসে ‘বিশেষ অধিবেশন’ আয়োজনের ঘটনা এটিই প্রথম। এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি ও ১৮ জুন সংসদে বিশেষ বৈঠক হয়েছিল, তাতে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল টিটো ও ভারতের রাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কটগিরি ভাষণ দেন।
