
ফাতেহ ডেস্ক
সমালোচনার ভয়ে এখন আর প্রকাশ্যে চা খান না ব্রাহ্মণবাড়িয়ার মাজারপন্থী বক্তা গিয়াস উদ্দীন আত-তাহেরী। তিনি বলেন, আমি এখন ওয়াজ মাহফিলে প্রকাশ্যে আর চা খাই না। চা খেলে আবার কোন্ সমালোচনায় পড়ি, এই ভয়ে এখন আর মাহফিলে চা খাই না।
আরও পড়ুন : তাহেরীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ : ওয়ায়েজরা কী ভাবছেন?
এ সময় তিনি আক্ষেপ করে বলেন, একটি মাহফিলে ২-৩ ঘণ্টা কথা বলতে হয়। কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। তারপরও এখন আর প্রকাশ্যে চা খাই না। কাউকে চা খাবেন, বলিও না।
বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলার মাধবপুরে নোয়াপাড়া গ্রামে রায়হানিয়া দরবার শরীফে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তাহেরী।
এ সময় তিনি আরও বলেন, আমার বক্তব্যগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হয়। পুরো বক্তব্য প্রকাশ করা হয় না। তার জন্য দায়ী কিছু ইউটিউবভিত্তিক চ্যানেল। যারা অর্থ উর্পাজন ও জনপ্রিয়তার জন্য এই কাজগুলো করছে।
তিনি বলেন, কমপক্ষে ১৫টি ইউটিউব চ্যানেল আমি ইতিমধ্যে শনাক্ত করেছি, যারা আমার বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে এসব অপপ্রচার বন্ধ না করলে আমি আইনের আশ্রয় নেবো।
