
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনিদের দখলকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ ইজরাইলি বসতির অনুমোদন দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গতকাল রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়। খবর ইয়েনি শাফাক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইজরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম তীরে অতিরিক্ত বসতি নির্মাণে অনুমোদন দিয়েছেন, এতে নতুন করে প্রমাণিত হয় এই দেশটির দখলদারিত্বের আদর্শ; যা আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘের রেজ্যুলেশনের প্রতি অসম্মান। এতে প্রমাণিত হয় ইজরাইল তার সংযুক্তকরণ নীতি পরিত্যাগ করেনি। সম্প্রতি দাবি করা হয়েছিল, ইজরাইলের সাথে কয়েকটি দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি বাস্তবায়নের ফলে সংযুক্তকরণ নীতি স্থগিত থাকবে, তবে এটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে নিছক প্রতারণা।’
ইজরাইলের এমন অবৈধ পদক্ষেপ তুরস্ক সমর্থন করে না। ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের স্বাধীনতার ওপর ইজরাইলের আক্রমণ থেকে পরিত্রাণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানায় তুরস্ক।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশের সাথে ইজরাইলের সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি হয়। এতে মধ্যাস্থতা করে ট্রাম্প প্রশাসন। সেই সময়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিলিস্তিনের বিষয়ে ইজরাইল তার সংযুক্তকরণ নীতি স্থগিত করেছে।
