সময় ১৫ দিন, ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে সিলগালা

ফাতেহ ডেস্ক

রাজধানীতে গড়ে ওঠা যেসব ভবন পরিকল্পনা বা নিয়মের বাইরে তৈরি হয়েছে, সেগুলো ১৫ দিনের মধ্যে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘ভবনগুলো চিহ্নিত করার পর যেসব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই সেগুলো প্রয়োজনে সিলগালা করে দেয়া হবে। অথবা অগ্নিনির্বাপন ব্যবস্থা ভালো না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হবে। রোববার থেকেই অভিযান চলবে বলে জানান তিনি।

রাজধানীর গুলশান-১-এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন লাগার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকা শহরে যারা অপরিকল্পিতভাবে বিভিন্ন ভবন তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আপনি যেই হন না কেন, মালিক, ডেভেলপার, এমনকি রাজউকের কেউ জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, কোনো দুর্ঘটনাকে হালকা করে দেখার সুযোগ নেই। মানুষের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে সেটাকে আমরা নিছক দুর্ঘটনা বলতে পারি না। এটা হত্যাকাণ্ড। যারা বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে বিল্ডিং তৈরি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তবে এসব ভবন উচ্ছেদে সময় লাগবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রাজধানীতে তৈরি হওয়া ভবনগুলো একদিনেই তৈরি হয়নি। তাই এসব অবৈধ ভবন উচ্ছেদ করতে কিছুটা সময় লাগবে। বর্তমানে ঢাকায় যেসব স্থাপনা নির্মাণের অনুমতি দেয়া হচ্ছে, সেখানে রাজউক-এর পরিকল্পনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পরিকল্পিত নগরী গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-১-এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আগের সংবাদসিপাহি বিদ্রোহ : ভুলে যাওয়া রক্তের ইতিহাস
পরবর্তি সংবাদশিক্ষার্থীদের বইয়ের বোঝা বহন করতে হবে না : পররাষ্ট্রমন্ত্রী