
ফাতেহ ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়ার এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। খুলনার একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হলো।
নিহত গৃহবধূর নাম রহিমা বেগম (৫৮)। তিনি কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। ইয়াছিনও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম জানান, রহিমা ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ আগে সাতক্ষীরা সিবি হাসপাতালে প্রথমে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তিন দিন পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে এরপর গাজী মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান।
