সাহারা খাতুনের মরদেহ দেশে, দাফন হবে বনানীতে

ফাতেহ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে পৌঁছেছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে আনা হয় তাঁর মরদেহ।

রাত ১ টা ৫৫ মিনিটে নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর মরদেহ গ্রহণ করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

শনিবার (১১ জুলাই) বনানী কবরস্থানে তাঁর দাফন করা হবে। স্বাস্থ্যবিধি অনুযায়ী বনানী মসজিদ প্রাঙ্গনে সকাল ১১টায় নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে শায়িত হবেন অ্যাডভোকেট সাহারা খাতুন। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সাহারা খাতুন বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে থাইল্যাণ্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে দীর্ঘদিন ধরে অসুস্থ সাহারা খাতুনকে উন্নত চিকিসার জন্য গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়।

সাহারা খাতুন ২০০৮ সালে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে তিনি পর পর তিন বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হলে তিনি দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর পর ওই মন্ত্রিসভায় তার দপ্তর পরিবর্তন হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আগের সংবাদ৭০ টাকার অক্সিজেনের দাম নেওয়া হচ্ছে ৭০ হাজার: ডা. জাফরুল্লাহ
পরবর্তি সংবাদমসজিদই হচ্ছে হাজিয়া সোফিয়া!