
ফাতেহ ডেস্ক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ভাই কিম জং ন্যাম মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট ছিলেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। এবিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ।
ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে ন্যামের যোগাযোগ ছিল। তবে, সরকারি কোন পদে না থাকায় উত্তর কোরিয়ার গোপন কোন তথ্য সিআইএকে দেয়া সম্ভব ছিল না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত বছর, ন্যাম হত্যাকাণ্ডের তদন্তকারী মালয়েশিয়ার এক পুলিশ কর্মকর্তা আদালতে জানান, নিহত হওয়ার চারদিন আগে কুয়ালালামপুরের একটি হোটেলে ন্যামের সঙ্গে এক মার্কিন নাগরিক সাক্ষাৎ করেন। ওই মার্কিন নাগরিক গোয়েন্দা কর্মকর্তা বলে ধারণা মালয়েশিয়া পুলিশের।
২০১৭ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে কিম জং ন্যামকে হত্যা করা হয়।
