আন্তর্জাতিক ডেস্ক :
বুধবার সিরিয়ার ইরানি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ‘বুধবার স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে দামেস্ক নগরীর পার্শ্ববর্তী এলাকা লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।’
সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা এবং দেশটিতে মোতায়েন ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আভিচে আদ্রে। তিনি জানিয়েছেন, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইসরাইলের এ জোরালো হামলা মোকাবেলা করে এবং শত্রু পক্ষের ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়। আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই তাদের লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়।’
ইসরাইলের দাবি, গত মঙ্গলবার সিরিয়া থেকে তাদের ভূখণ্ডে রকেট নিক্ষেপের জবাবে এ হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, ইসরাইল অনেক সময় প্রতিবেশী দেশ লেবাননের আকাশে চক্কর দেয়া তাদের যুদ্ধবিমান থেকে সিরিয়ায় হামলা চালিয়ে থাকে। ২০১১ সালে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার বিভিন্ন এলাকা লক্ষ্য করে কয়েক হাজার বার হামলা চালায় ইসরাইল। এসব হামলার ব্যাপারে তাদের ভাষ্য হচ্ছে দেশটিতে থাকা ইরানের সামরিক ও হিজবুল্লাহর অবস্থান তাদের লক্ষ্য।
