সিরিয়ায় পশ্চিমাদের হামলা : কয়েকটি কথা

ইফতেখার জামিল : পশ্চিমা কয়েকটা রাষ্ট্র সিরিয়ায় হামলা করেছে। এটা সিরিয়ান পরিস্থিতি আরও জটিল করে তুলবে এতে কোন সন্দেহ নাই। তবে এখানে কয়েকটি বিষয় পরিষ্কার থাকা উচিত। অনেকেই বিষয়গুলোর ঠিকঠাক ধরতে পারছেন না।

পশ্চিমা শক্তিগুলো সিরিয়ান কোন জনসমর্থিত দলকে সমর্থন করছেনা। সিরিয়ায় আমেরিকার প্রধান মিত্র কুর্দিরা, বিরোধী বিদ্রোহীরা নয়। কেন নয়? এর একটা প্রধান কারণ হচ্ছে, সিরিয়ান বিদ্রোহীদের একটা বড় অংশ ইসলামপন্থী। ফলে আমেরিকা তাদেরকে সাহায্য করার ঝুঁকি কখনোই নিবেনা। ফলে পশ্চিমাদের সিরিয়ায় আক্রমণ কোন ইতিবাচক ঘটনা নয়। অত্যন্ত নেতিবাচক ঘটনা, রাশিয়ার আক্রমণের মতোই। এবং পশ্চিম কখনোই সিরিয়ায় সামগ্রিকভাবে সংযুক্ত হবেনা। মাঝেমাঝে এক দুইটা আক্রমণ করতে পারে। ফলে, পশ্চিমা শক্তি বনাম আসাদ, সমীকরণটা এত সরল নয়। ইসলামপন্থী বিদ্রোহীদের বাদ দিয়ে সিরিয়ায় কোন মীমাংসা সম্ভব নয়। কেননা তাদের পক্ষেই ব্যাপক জনসমর্থন আছে। ফলে তাদের বাদ দিয়ে আসাদ বা পশ্চিমা শক্তি এককভাবে কোন সমীকরণে থাকতে পারেনা। জনগণ ছাড়া কোন রাষ্ট্র হতে পারে কি?

অনেকে সিরিয়া সঙ্কটে সরাসরি সৌদিকে টেনে আনেন। এটাও স্পষ্ট ভুল। সৌদি ইয়ামানে শিয়াদের ওপর জুলুম জালাচ্ছে, ফলে ইরান-আসাদের সিরিয়ায় সুন্নি গণহত্যা বৈধ, অনেকে এভাবে যুক্তি টানেন। এটা মোটেই ঠিক না। কেননা সৌদি আরবের পক্ষে কখনোই সিরিয়ান বিপ্লবের পক্ষে দাঁড়ানো সম্ভব না। কেননা তাতে গণ-রাজনীতিকে সমর্থন করতে হয়। সৌদি তো গণ-রাজনীতির বিরোধী। এ কারণেই সৌদির সরাসরি কোন মিত্রশক্তি সিরিয়ায় নেই। কিছু ওহাবী গোত্র ও মাদখালি সালাফি ছাড়া কাউকেই সৌদি সমর্থন করেনা। ফলে সিরিয়ার প্রসঙ্গে সৌদির আলোচনা আনাটা অপ্রাসঙ্গিক।

সিরিয়া ইস্যুতে রাশিয়াসহ পশ্চিমা শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য আছে। সে ঐক্য ধর্মীয় ও সাংস্কৃতিক।ইউরোপিয়ান সভ্যতা এখন একটা কালপর্ব অতিক্রম করছে। সেটাই এখানে সবার আগের বিবেচ্য বিষয়। ইজরাইল প্রশ্নে কি রাশিয়া ও আমেরিকা দ্বিমত করে? অবশ্যই না। আমেরিকান উগ্র ডানপন্থা ও রাশান স্বৈরাচার নিয়েও কি তাদের পারস্পরিক কোন অভিযোগ আছে? নেই তো। অতএব, সমীকরণটাকেও বুঝতে হবে ভিন্নভাবে।

আগের সংবাদআল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে আল্লামা শাহ আহমদ শফীর শোক
পরবর্তি সংবাদসৌদি আরব ও যুক্তরাজ্যের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ