
ইলিয়াস মশহুদ, সিলেট থেকে
সিলেটের সর্বজনশ্রদ্ধেয় আলেম, জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল রাহ.-এর মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া ইন্তেকাল করেছেন।
আজ সোমবার বিকাল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
হুজুরের একান্ত ছাত্র জামেয়া দরগার ফাজিল মুফতি নূরুযযামান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মুফতি আবুল কালাম যাকারিয়া একদিকে যেমন অনন্য ইলমের ধারক এবং অসংখ্য আলেমের উসতাদ ছিলেন, অপরদিকে ছিলেন সিলেটের সর্বজনমান্য শীর্ষ আলেমদের অন্যতম। তাঁর এ আকস্মিক ইনতেকালে সিলেটের ইসলামি ঘরানায় শোকের ছায়া নেমে এসেছে।
জামেয়া কাসেমুল উলুম দরগাহে হজরত শাহজালালের মুহতামিম হবার পাশাপাশি তিনি দরগাহ মসজিদের খতিব ছিলেন। ছিলেন দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর।
আগামীকাল সকাল ১১টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
