সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাজা

সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাজা

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলি ও অত্যাচারে অব্যাহতভাবে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে গায়েবানা জানাযা কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

শনিবার বিকেল পাঁচটায় ‘বাংলাদেশের নাগরিকগণ’র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে জানাযা অনুষ্ঠিত হয়। ঢাবির সমাজ বিজ্ঞানের আকরাম হুসাইন জানাজা পরিচালনা করেন।

গায়েবানা জানাযায় শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও অংশ নেন। জানাযা শেষে তারা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক অব্যাহতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এ সময় তারা ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন।

জানাজা শেষে ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক খন্দকার রাকিব বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিনা বিচারে, বিনা অপরাধে অনেককে হত্যা করা হয়েছে। কোনও নিয়ম নীতি তোয়াক্কা না করে ভারত আমাদের দেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে। এর কোনও প্রতিকার বাংলাদেশ সরকার করছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

আগের সংবাদইরানের হামলায় ৩৪ মার্কিন সেনা গুরুতর আহত হবার কথা স্বীকার করল পেন্টাগন
পরবর্তি সংবাদপুকুরে ভাসছে তিন মাসের শিশুর লাশ