
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে যুক্তরাজ্যভিত্তিক একটি আর্ন্তজাতিক বেসরকারি সংস্থা, সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে হত্যা করেছে দেশটির সেনা সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। দেশটিতে দ্বন্দ্ব সংঘাতে বিধ্বস্ত কায়া রাজ্যে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নারী ও শিশুসহ ৩৫ জনকে পুড়িয়ে মারার অভিযোগ আসার পরপরই সংস্থাটি তাদের কর্মী নিখোঁজের বিষয়টি জানিয়েছিল। পরে তারা নিশ্চিত হয় ওই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন নিখোঁজ ওই দুই কর্মী। খবর বিবিসির
সংস্থাটি জানিয়েছে, মিয়ানমার সৈন্যরা তাদের গাড়ি রোধ করে তাদের আটক করে। এরপর হত্যাকাণ্ড চালানোর পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন নারী ও শিশুরাও।
তবে মিয়ানমারের সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।
সেভ দ্য চিলড্রেন আরও জানায়, তাদের ওই দুই কর্মী নতুন কাজে যোগ দিয়েছেন। তারা বাচ্চাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। সেদিন কাজ সেরে তারা ছুটিতে বাড়ি ফিরছিলেন।
এক টুইট বার্তায় সংস্থাটি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বিষয়টি নজরে আনার এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এ ঘটনার জন্য মিয়ানমার সামরিক বাহিনীকে দায় নিতে হবে। তিনি দেশটির সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছেন।
