
ফাতেহ ডেস্ক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরা শহরে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে। চালকসহ এতে মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। হতাহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।
তবে হতাহতরা সবাই সৌদি আল হারিফ ক্যাটারিং কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে। মরদেহ ১০টি সাগরা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব ফখরুল ইসলাম।
