
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্ব পর্যটন দিবস উদযাপনের জন্য সৌদি আরব ভ্রমণে পর্যটন ভিসা প্রদান শুরু করেছে সৌদি আরব। সৌদি আরবের দূতাবাস ও সৌদি আরবের প্রতিনিধিত্বকারী অফিস থেকে ই-ভিসা পাওয়া যাবে। এ ভিসা প্রাপ্তিতে ইউরোপ আমেরিকা ও এশিয়ার ৪৯টি দেশের জন্য কোনো শর্ত প্রয়োজন হবে না। সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ (এসসিটিএইচ) এই তথ্য জানিয়েছে।
নারীরা পুরুষ আত্মীয় (মাহরাম) ছাড়াই দেশটি ভ্রমণের সুযোগ পাবে এবং ওমরাহ পালন করতে পারবে। কোনো নারীর যদি ভ্রমণ ভিসা থাকে তবে সে নারী পুরুষ আত্মীয় বা মাহরাম ছাড়া ওমরাহ পালনে কোনো বাধা নেই। এমনকি অমুসলিমরাও ভ্রমণ ভিসায় সৌদি ভ্রমণ করতে পারবে।
এখন থেকে বছরের যে কোনো সময়ই ভ্রমণকারীরা পর্যটন ভিসায় গিয়ে ওমরাও পালন করতে পারবে। ভ্রমণ ভিসায় বছরে একাধিকবার সৌদি ভ্রমণের সুযোগ রয়েছে। তবে মাল্টিপল ভিসায় ৯০ দিনের বেশি সৌদি অবস্থান করা যাবে না।
মূলত, তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতেই পর্যটন শিল্পের দিকে ঝুঁকছে সৌদি আরব। পর্যটন শিল্প বিকাশের ফলে সৌদি আরবে ১ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। আর তাতে বছরব্যাপী সৌদি আরবের দর্শনীয় স্থানগুলো দেখা এবং জিয়ারতে ১০ কোটি পর্যটক সমাগমের পরিকল্পনাও রয়েছে তাদের।
