
আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের দু’টি তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন হামলার জন্য পশ্চিমা দেশগুলো ইরানকে দায়ী করার যে চেষ্টা করছে তা সরাসরি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আমেরিকা ওই ঘটনায় ইরানের জড়িত থাকার পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি।
বুধবার রাজধানী মস্কোয় জ্বালানী বিষয়ক এক সম্মেলনে পুতিন একথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সৌদি তেল শোধানাগারে হামলার নিন্দা জানাই। তবে একইসঙ্গে আমরা এর দায় ইরানের ওপর চাপানোর বিরোধিতা করি কারণ এর পক্ষে কোনো প্রমাণ নেই।’ পুতিন বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছেন যে, ওই হামলায় তেহরানের হাত ছিল না।
গত ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের হুথিরা ঘোষণা করে, তারা ১০টি ড্রোন পাঠিয়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আবকাইক ও খুরাইস তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ওই হামলায় তেল শোধানাগার দু’টির মারাত্মক ক্ষতি হয় এবং সৌদি আরবের তেল রপ্তানি অর্ধেকে নেমে আসে।
