
ফাতেহ ডেস্ক
বগুড়ার আলোচিত হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে শ্বশুরের দায়ের করা মামলায় বগুড়া সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। বুধবার রাত সোয়া ১০টায় হিরো আলম বগুড়া সদর থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের মামলা করেছেন তার শ্বশুর। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার প্রতিবাদ করেন স্ত্রী সাদিয়া বেগম সুমি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নিজ বাড়িতে স্ত্রীকে পিটিয়ে আহত করেন তিনি। পরে সুমিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর হিরো আলমকে মারধর করেন শ্বশুরবাড়ির লোকজন। এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে স্ত্রী পেটানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হিরো আলমের অভিযোগ বাতিল করে দেয় থানা পুলিশ।
