
আন্তর্জাতিক ডেস্ক:
ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চুক্তির পর স্থানীয় ইহুদি ও পর্যটকদের নিয়ে গমগম করছে দুবাই। মরুভূমির বুকে বাণিজ্যিক ও পর্যটক আকর্ষণের দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ এই শহর আরও বেশি আন্তর্জতিক চেহারা পেয়েছে।
ডয়েচে ভেলে জানিয়েছে, সদ্য খোলা কোশার রেস্তোরাঁয় প্রচণ্ড ভিড় হচ্ছে। বিলাসবহুল হোটেলে বিশাল করে ইহুদিদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। গত ডিসেম্বরে ইহুদিদের ছুটির সময়ও হোটেলে অনুষ্ঠান হয়েছে। বিশ্বের সব চেয়ে উঁচু বাড়ি ব্রুজ খালিফার সামনের স্কোয়ারে হিব্রু গান গাওয়া হয়েছে।
দুবাইতে যে এতো ইজরাইলের মানুষ আসছেন, তার একটা প্রভাবও পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই জনপ্রিয় এক ক্যাটারার কোশার কিচেন খুলে দিয়েছেন। আবু ধাবির পর্যটন কর্মকর্তাদের সঙ্গে ইহুদি সম্প্রদায় একটি চুক্তি করেছে। সেখানে কর্মকর্তাদের তারা প্রশিক্ষণ দেবে, যাতে তারা কোনো হোটেল বা রেস্তোরাঁকে কোশার কিচেনের সার্টিফিকেট দেয়ার আগে সবদিক খতিয়ে দেখতে পারেন।
তবে শুধু অস্থায়ী পর্যটকরাই আসছেন তাই নয়, দুবাইতে একটি ইহুদি স্কুল তৈরি হচ্ছে। ইহুদিদের চিরাচরিত ধর্মীয় স্নানের উৎসবের সঙ্গেও তারা পরিচিত হচ্ছেন।
