স্মার্ট ঢাকা গড়ার প্রতিশ্রুতি ফজলে বারী মাসউদের

স্মার্ট ঢাকা গড়ার প্রতিশ্রুতি ফজলে বারী মাসউদের

ফাতেহ ডেস্ক :

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ঢাকা শহরের সমস্যা অনেক। অগণিত সমস্যার শীর্ষে রয়েছে দূষণ। দূষণের কারণে ঢাকা বসবাসের অনুপযোগী শহরে পরিণত হয়েছে। ঢাকার বায়ু দূষিত, ঢাকার পানি দূষিত, ঢাকার শব্দ দূষিত, ঢাকার খাবার দূষিত। এই বহুবিদ দূষণ থেকে ঢাকাকে রক্ষা করতে হবে। আমি নির্বাচিত হলে দূষণের এই সয়লাব রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

বৃহস্পতিবার (২ ‍ডিসেম্বর) মনোয়ন বৈধ বলে ঘোষিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মুহা. আবুল কাসেম মনোনয়ন বৈধ হওয়ার ঘোষণা দেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, আমরা বিশিষ্ট নগরবিদদের সঙ্গে কথা বলে স্মার্ট ঢাকা গড়ার কার্যকর মহাপরিকল্পনা তৈরি করেছি । স্মার্ট সিটি হলো- একটি পরিকল্পিত শহর। যে শহরগুলোতে থাকবে পর্যাপ্ত পানি, যথাযথ স্যানিটেশন ব্যবস্থা, বর্জ্য শোধনের অত্যাধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত গণপরিবহন, তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার ও ই-গভর্ন্যান্স। আমরা ‘দূষণমুক্ত স্মার্ট ঢাকা’ নির্মাণে জনগণের সহযোগিতা চাই, সবার দোয়া প্রার্থী।

প্রসঙ্গত, উত্তর সিটিতে বৈধ ছয় মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

আগের সংবাদলিবিয়ায় সেনা মোতায়েনের অনুমোদন দিয়ে তুর্কি পার্লামেন্টে বিল পাস
পরবর্তি সংবাদসোলায়মানি হত্যার ‘কঠিন প্রতিশোধ’ গ্রহণের হুঁশিয়ারি খামেনি’র