সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হবার চারমাসের মাথায় একই স্থানে নিহত হলেন বাবাও

ফাতেহ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ছেলে মাসুম মিয়া নিহত হওয়ার চার মাসের মাথায় একই স্থানে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন বাবা নুরু মিয়া। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের ললাটি বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে নিহতের ছেলে মাসুম মিয়া চলতি বছরের ৮ জুন মাসে একই স্থানে একটি ট্রাক চাপায় নিহত হয়।

এ ঘটনায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন গত ১২ জুন সোনারগাঁও প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে ওই এলাকায় একটি ফুটওভার নির্মাণের দাবি জানানো হয়। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবির চার মাস পেরিয়ে গেলেও কোন কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। নিহত নুরু মিয়ার লাশ বিকেলে ললাটি এলাকায় জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নুরু মিয়ার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী পুনরায় ওই এলাকায় ফুটওভার ব্রীজ নির্মাণের দাবী জানান। তাদের দাবি ফুটওভার ব্রীজ নির্মাণ না হলে এভাবেই একের পর এক তাজা প্রাণ ঝড়ে যাবে। ফুটওভার ব্রীজ নির্মাণের দাবি মানা না হলে মহাসড়ক অবরোধসহ কঠিন কর্মসূচীর পালন করবেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে নুরু মিয়া মঙ্গলবার বেলা ১১ টার দিকে অটোরিক্সাযোগে নয়াপুর বাজারে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে মদনপুর থেকে বস্তলগামী একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় অটোরিক্সা থেকে নুরু মিয়া রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যান নুরু মিয়ার উপর দিয়ে চালিয়ে যায়। ঘটনাস্থলেই নুরু মিয়া নিহত হন। ঘটনার পর চাপা দেয়া কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে এলাকাবাসী নুরু মিয়ার লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে গত ৮ জুন নিহত নুরু মিয়ার ছেলে মাসুম মিয়ার একই স্থানে রাস্তা পারাপারের সময় বেপরোয়া ট্রাক চাপায় নিহত হয়েছেন। ছেলের মৃত্যুর চার মাসের মাথায় বাবার মৃত্যুকে মেনে নিতে পারছে না এলাকাবাসী।

আগের সংবাদবিজেপির এক প্রতিমন্ত্রীর গায়ে কালি ছিটালেন ক্ষুব্ধ জনতা
পরবর্তি সংবাদতুর্কি এবং সিরীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটতে দেব না : রাশিয়া