হজে ডায়াবেটিস রোগীর করণীয়

ফাতেহ ডেস্ক

শুরু হয়ে গেছে হজযাত্রা। সৌদি আরবে অনেকেই পাড়ি জমিয়েছেন, অনেকে পাড়ি দেবার অপেক্ষায়। এদের মধ্যে যারা ডায়াবেটিসের রোগী, তারা নানা জটিলতায় ভোগেন। বড়ি না ইনসুলিন কোনটা গ্রহণ করবেন ঠিক করতে পারেন না।।

ইনসুলিন, না বড়ি

হজের আগে অনেক ডায়াবেটিসের রোগী ইনসুলিন নেওয়া বন্ধ করে দেন, যা একদমই ঠিক নয়। কারও যদি ইনসুলিনের প্রয়োজন থাকে, তার মানে তাঁর শরীরে ইনসুলিনের ঘাটতি আছে। ইনসুলিন বন্ধ করে দিলে শরীরে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। কেননা আমাদের বিপাকক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো এই ইনসুলিন। ফলে রোগী গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারাতে পারেন, তখন হজ পালন করাই মুশকিল হবে।

বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মো. ফিরোজ আমিন বলেন, ইনসুলিন রেফ্রিজারেটরে না রাখলে নষ্ট হয়ে যায়, কথাটা ঠিক নয়। এক মাস ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ব্যবহার করা যায়। রোদ না লাগলেই হবে। ইনসুলিন নিয়ে ভ্রমণেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

পায়ের ত্বকের যত্ন

কারও কারও পায়ে স্নায়ুগত জটিলতা থাকে। অনুভূতির সমস্যা থাকে। তাঁদের পায়ে ঘা হতে পারে। ডায়াবেটিসের রোগীর পায়ে ঘা, সংক্রমণ ইত্যাদি খুব খারাপ জিনিস। তাই হাঁটার সময় সাবধান। কোনো কিছুতে খোঁচা লেগে, তাপ লেগে, অন্যের পায়ের দ্বারা আঘাত লেগে সমস্যা হতে পারে। পায়ের ত্বকে যেকোনো পরিবর্তন হলে সাবধান হোন।

সুগার যেন না বাড়ে

অনেকে আবার এত বেশি ফলের রস, লাবাং, জুস, খেজুর খেয়ে ফেলেন যে রক্তে শর্করা অনেক বেড়ে যায়। নিজের গ্লুকোমিটার অবশ্যই নেবেন। যখনই শরীর খারাপ লাগবে চেক করবেন। যাঁরা ইনসুলিন নিয়ে থাকেন, তাঁরা ফজরের নামাজের আগে কিছু খেয়ে মসজিদে যাবেন, এসে সকালের খাবারের আগে ইনসুলিন নেবেন।

খেতে হবে বুঝেশুনে

বেশি খাওয়াদাওয়া আর বাইরের হোটেলের খাবার খেয়ে বদহজম, ডায়রিয়া হতে পারে। তাই বুঝেশুনে খেতে হবে। বয়স্ক ডায়াবেটিসের রোগীদের একা চলাফেরা করা উচিত নয়। রোগের নাম ও প্রয়োজনীয় সব ওষুধ একটি কাগজে লিখে সব সময় সঙ্গে রাখা উচিত। কিছু ওষুধ সঙ্গে নেওয়া উচিত। যেমন ডায়রিয়া, জ্বর, পেটব্যথা, বমি, চুলকানি, ভ্রমণে মাথা ঘোরা, হাত–পা ছিঁড়ে বা কেটে গেলে ফার্স্ট এইড, কাশি, ফোড়া, পেট খারাপের ওষুধ ইত্যাদি। যেকোনো অসুস্থতায় মেডিকেল ক্যাম্পের সাহায্য নিতে দ্বিধা করবেন না।

আরএইচ/

আগের সংবাদঢাকায় এবার ডেঙ্গুর প্রকোপ বেশি, আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন
পরবর্তি সংবাদখিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু