হজ-ওমরার ভিসা ফি দুই হাজার থেকে কমিয়ে ৩০০ রিয়াল নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

হজ এবং ওমরাহ যাত্রীদের ভিসার ফি দুই হাজার সৌদি রিয়াল থেকে কমিয়ে মাত্র ৩০০ রিয়াল নির্ধারণ করেছে সৌদি সরকার। একই সঙ্গে একাধিকবার ওমরাহ পালনের জন্য ভিসা ফিও বাতিল করা হয়েছে। বুধবার সৌদি মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদের নেয়া সিদ্ধান্তে ভিসার ধরন ও মেয়াদকাল নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

এতে বলা হয়েছে, আগের আইনে দেশটিতে ওমরাহ পালনের জন্য যাত্রীদের ভিসা ফি বাবদ টানা তিন বছর ২ হাজার সৌদি রিয়াল দিতে হতো। নতুন এই আইনের ফলে সেটি আর থাকছে না।

মন্ত্রিপরিষদের ভিসা ব্যবস্থা পুনর্গঠনের বিষয়ে রাজকীয় ফরমান জারি করায় দেশটির হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, হজ ও ওমরাহ পালনে মুসলমানদের আগমনকে আরো সহজ করতে সৌদির বিচক্ষণ নেতৃত্বের আগ্রহে রাজকীয় ডিক্রিটি জারি হয়েছে।

মোহাম্মদ বেনতেন বলেন, এই আইনের মাধ্যমে সৌদিতে ক্রমবর্ধমান হজ এবং ওমরাহ যাত্রীদের গ্রহণ সক্ষমতার প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে। পবিত্র স্থাপনাগুলোতে এবং মক্কা ও মদিনায় সেবা ব্যবস্থাপনা ও বিশাল অবকাঠামো প্রকল্প উন্নয়নের মাধ্যমে এই প্রস্তুতি নেয়া হচ্ছে।

আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজ এবং ওমরাহ যাত্রীকে গ্রহণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সৌদি আরব। এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবের ভিশন-২০৩০ এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে দেশটির নীতি-নির্ধারকরা জানিয়েছেন।

আগের সংবাদকাশ্মীরে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক বাহিনীর ওপর ভারতের হামলা, নিহত ১
পরবর্তি সংবাদসৌদি আরবে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করল বাংলাদেশি শিশু হাফেজ শিহাব