
ফাতেহ ডেস্ক
পবিত্র কাবা, মদিনা শরিফ, হজ ও ওমরাহ সম্পর্কে কটূক্তিকারী কিশোরগঞ্জের সেই কথিত পীরকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হাবিবুল্লাহ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল রোববার তিনি আদালতে জামিন নিতে গেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারের অভিযোগ এনে কিশোরগঞ্জ জজ আদালতের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ১২ জানুয়ারি ভৈরব থানায় একটি মামলা করেন।
পরে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৮ জানুয়ারি চার সপ্তাহের জামিন মঞ্জুর করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ভৈরব উপজেলার উমানাথপুরের গুলে মদিনা দরবারের কথিত পীর আবুল বাশার আল কাদরী বিভিন্ন সময় পবিত্র কাবা, মদিনা শরিফ, হজ ও ওমরাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেন। সেইসঙ্গে নিজের দরবার শরিফকে হেরেম ঘোষণা দেওয়ার কথা বলেন।
তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মুসলমানদের মনে ক্ষোভের সৃষ্টি হয়।
-এ
