আন্তর্জাতিক ডেস্ক :
হজ বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করেছে ইরান ও সৌদি আরব। ইরানের হজ ও জিয়ারত সংস্থার প্রধান আলী রেজা রাশিদিয়ান এবং সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এই চুক্তিতে সই করেছেন। খবর পার্সটুডে।
আলী রেজা রাশিদিয়ান বলেন, ‘ইরানি হাজীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আমরা সৌদি আরবের মন্ত্রীকে জানিয়েছি ইরানি বিনিয়োগকারীরা মদিনা শহরে ভালো মানের হোটেল নির্মাণ করতে আগ্রহী।’
আলী রেজা আরও বলেন, ‘মিনায় ইরানি হাজীদের শাহাদাতের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সৌদি মন্ত্রীকে এ বিষয়ে ইরানের অবস্থান আবারও অবহিত করা হয়েছে।’
উল্লেখ্য, ২০১৫ সালে হজের সময় সৌদি কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে ৪৬৪ জন ইরানিসহ হাজার হাজার হাজী প্রাণ হারান। ইরান সরকার এর বিচার দাবি করে আসছে।
