
ফাতেহ ডেস্ক :
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষা জরুরি। আর এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে হজ ব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপ দিতে হবে। বিষয়টির যথাযথ গুরুত্ব অনুধাবন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ বিষয়ে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। হজের পাশাপাশি এই আইনে ওমরা ব্যবস্থাপনার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ও ওমরা আইন প্রণয়ন বিষয়ক পর্যালোচনা (বর্ধিত) সভায় সভাপতির বক্তব্যে এ কথা কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, হজ ও ওমরা আইন হলে হজ ও ওমরা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা আরও বেশি সাবধানতার সঙ্গে দায়িত্ত্ব পালন করবেন। এ সময় প্রতিমন্ত্রী আইন প্রনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে হজ ও ওমরা আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহবান জানান।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, সংস্থা এবং হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
