হঠাৎ কেন কাবুল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী?

আন্তর্জাতিক ডেস্ক:

অঘোষিত এক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দেশটি থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার পরিকল্পনা বাস্তবায়নের কয়েক সপ্তাহ আগে রোববার (২১ মার্চ) সকালে কাবুলে পৌঁছান তিনি। খবর বিবিসি।

খবরে বলা হয়, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েক সপ্তাহ পরই আফগানিস্তানে অবস্থানরত সকল মার্কিন সেনাকে প্রত্যাহার করার কথা রয়েছে। তার আগে হঠাৎ করেই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বাইডেন প্রশাসনের শীর্ষ এই মন্ত্রী কাবুল সফরে গেলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাতের পর দেশটিতে চলমান যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তার দাবি, আফগানিস্তানে সহিংসতার মাত্রা এখনও অনেক বেশি। আর তাই সমঝোতার মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে বড় ধরনের সহিংসতা হ্রাস করার দিকেই সকল পক্ষের মনোনিবেশ করা উচিত।

গত বছরের ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে চুক্তি করে ট্রাম্প প্রশাসন। চুক্তি অনুযায়ী, চলতি বছরের ১ মের মধ্যে দেশটি থেকে ওয়াশিংটনকে সকল মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। তবে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর সেনা প্রত্যাহার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও আগামী ১ মের পরে দেশটিতে সেনা রাখা বা না রাখার বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, নাইন-ইলেভেনের হামলার পর তালেবান সরকারকে উৎখাত করতে ২০০১ সালে আফগানিস্তানে হামলা করে মার্কিন সেনারা। তবে সেসময় তালেবানকে ক্ষমতা থেকে সরানো গেলেও দমাতে পারেনি আমেরিকা। আর তাই প্রায় ২০ বছর পর আফগানিস্তান থেকে ধীরে ধীরে নিজেদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।

সূত্র: বিবিসি

 

আগের সংবাদনেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী পা রাখলেন ঢাকায়
পরবর্তি সংবাদফাইজার টিকার উদ্ভাবক মুসলিম দম্পতিকে সম্মামনা দিল জার্মানি