হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক : ভিপি নূর

ফাতেহ ডেস্ক:

হাটহাজারী মাদরাসার সংকট নিরসনে আলেম মুরুব্বিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় হাটহাজারী মাদরাসায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তিনি এ ঘোষণা দেন।

নুরুল হক নূর বলেন, ‘হাটহাজারী মাদরাসার আন্দোলনরত ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো আমি পড়েছি। তারা বলেছে, সর্বোচ্চ নির্বাহী পরিষদ তথা মজলিসে শূরার কাছে মাদরাসার পরিচালনা দায়িত্ব অর্পণ করতে। এটার জন্য দাবি জানানোর দরকার ছিলো না। বরং এটাই হবার কথা ছিলো। ছাত্ররা যৌক্তিক দাবিই করেছে।’

বিষয়টির সুরাহা করার আহ্বান জানিয়ে ভিপি নূর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়েরও সবকিছুর নীতি আছে। কার সঙ্গে কার আচরণ কেমন হবে, কার পদায়ন কিভাবে হবে। নিয়ম অনুযায়ী সবকিছু চলতে হয়। সুতরাং হাটহাজারী মাদরাসা ছাত্রদের দাবিগুলোর সুষ্ঠু সমাধান করতে হবে।’

উল্লেখ্য, এর আগে বুধবার জোহরের পর থেকে মাওলানা আনাস মাদানীকে মাদরাসা থেকে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে হাটহাজারী মাদরাসা ময়দানে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। রাতে কর্তৃপক্ষ আনাস মাদানিকে অব্যাহতিসহ দুটি দাবি মেনে নিলে ছাত্ররা ছাত্রাবাসে ফিরে যায়। কিন্তু আজ সকাল ১১.১৫ মিনিটে আবারও আন্দোলনে সরব হয়ে উঠে শিক্ষার্থীরা।

আগের সংবাদদেশের দুই নেত্রীকে বন্দি করে রেখেছে ভারত: ডা. জাফরুল্লাহ
পরবর্তি সংবাদহাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা করলো শিক্ষা মন্ত্রণালয়