হিন্দুদের ব্যাপারে মন্তব্য করায় জাকির নায়েকের জন্য সংকুচিত হয়ে আসছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডা. জাকির নায়েকের মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সম্প্রতি মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে একটি মন্তব্য করায় মালয়েশিয়ার রাষ্ট্রপক্ষ এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মালয়েশিয়া পুলিশ। মাহাথির বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে জাকির নায়েকের ওই মন্তব্যের বিষয়টি প্রমাণিত হলে তার মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল জরুরি হয়ে পড়বে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম মালয়ডেইলি।

ওই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে একটি ইসলামি অনুষ্ঠানে বক্তব্য দিতে বাধা দিয়েছে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক জাকির নায়েককে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছিলেন। গত ৩ বছর ধরে মালয়েশিয়াতেই আছেন জাকির নায়েক।

কিন্তু সম্প্রতি মালয়েশিয়ায় হিন্দুরা ভারতীয় মুসলিমদের থেকে শতগুণ বেশি সুযোগ পায় এমন মন্তব্য করে ফেঁসে যান তিনি। তিনি আরো বলেন, মালয়েশিয়ার হিন্দুরা নিজেদের সরকারের চেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বেশি সমর্থন করে। আর এতেই মালয়েশিয়া জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

শুক্রবার মাহাথির মোহাম্মদ বলেন, তার এখনো মালয়েশিয়ায় বসবাসের অনুমতি রয়েছে। তবে পুলিশ তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে যে কোনো সময় তার বসবাসের অনুমতি বাতিল হতে পারে। তিনি আরো বলেন, জাকির নায়েককে উস্কানিমূলক বক্তব্য থেকে দূরে রাখতে আমাদের পদক্ষেপ নিতে হবে। নইলে তা দেশের সাম্প্রদায়িক স¤পৃতি নষ্ট করতে পারে।

জাকির নায়েকের ওই মন্তব্যের পর গত বুধবার মন্ত্রীসভার বৈঠকে মাহাথির মোহাম্মদকে দুই মন্ত্রী প্রস্তাব দেন, জাকির নায়েককে অবিলম্বে তার নিজ দেশে ফেরত পাঠানো হোক। তবে মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, ভারতে তাঁর জীবন হুমকির মুখে থাকায় তাঁকে ভারতের হাতে তুলে দেয়া হবে না। তবে অন্য কোনো দেশ তাঁকে নিতে চাইলে তাদেরকে স্বাগত জানানো হবে।

আগের সংবাদকোরবানির চামড়া বাণিজ্যে ভয়াবহ বিপর্যয়
পরবর্তি সংবাদঅবরুদ্ধ কাশ্মীরে চলছে ভারতীয় বাহিনীর নির্যাতন আর বাছবিচারহীন গ্রেপ্তার