
আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধের পঞ্চমতম বার্ষিকী স্মরণে গতকাল বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহ।
তিনি বলেন, ‘আমাদের সীমানার বাইরে যেখানেই হুমকি রয়েছে, সেখান থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে।’
উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাই রাতে তুরস্কে সামরিক বাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। ঘটনার পরপরই অভ্যুত্থানের প্রতিবাদে তুরস্কের শহরগুলোর রাস্তায় নেমে পড়ে গণতন্ত্রকামী সাধারণ মানুষ। এসময় অভ্যুত্থানকারীদের আক্রমণে ২৫১ জন নিহত ও অন্তত দুই হাজার দুই শ’ জন আহত হয়। পরে তুর্কি জনতার বিক্ষোভের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় অভ্যুত্থানকারীরা।
