
আন্তর্জাতিক ডেস্ক :
গভর্নর সত্যপাল মালিকের নির্দেশে প্রায় দু’মাস পর কাশ্মীর ভূস্বর্গে পর্যটকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে চলেছে। সোমবারের এক ঘোষণা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর থেকে জম্মু-কাশ্মীর আগের মতোই পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের তথ্য অধিদফতর এক টুইট বার্তায় জানিয়েছে, গভর্নর সত্যপাল মালিক কাশ্মীরের নিরাপত্তার বিষয়ে পরামর্শদাতা এবং মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করেছেন। তিনি স্বরাষ্ট্র দফতরকে দেওয়া নির্দেশিকায় বলেছেন, রাজ্য থেকে পর্যটক বেরিয়ে যেতে বলার আদেশ তুলে নেওয়া হচ্ছে ১০ অক্টোবর থেকে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। পাশাপাশি রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার কথা জানায়। কেন্দ্রের এই সিদ্ধান্তের জের ধরে কাশ্মীরে যে অশান্তি শুরু না হয় সে জন্য রাজনীতিবিদদের গৃহবন্দি করে রাখা হয়। হিংসাত্মক কর্মকাণ্ডের আশঙ্কায় রাজ্যকে পর্যটক শূন্য করে সেখানে বাড়তি বাহিনী পাঠানো হয়। এমনকি ফোন এবং ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেওয়া হয়। ৩ আগস্ট পর্যটকদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
