১৯ মে থেকে সব টেলিভিশন সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে

ফাতেহ ডেস্ক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-এক উৎক্ষেপণের এক বছর পূর্ণ হচ্ছে রোববার। এরই মধ্যে ১৫টি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট তরঙ্গের মাধ্যমে সম্প্রচার করছে। ১৯ মে থেকে দেশের সব টিভি চ্যানেলই এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড- বিসিএসসিএল।

গত বছরের ১২ই মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-এক। নভেম্বরে এর পরিচালনার দায়িত্ব বুঝে নেয়- বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড- বিসিএসসিএল।

নিয়ন্ত্রণ পাওয়ার পরই দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়। এছাড়া স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ দেয়াসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দেয়ার উদ্যোগ নেয় বিসিএসসিএল।

দর্শক পর্যায়ে টেলিভিশনগুলোর সিগনাল ডাউনলিংক নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেয়ার দাবি জানান টেলিভিশন চ্যানেলের কর্মকর্তারা।

দেশে বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি বিদেশেও স্যাটেলাইট সেবা দিতে পরামর্শক নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে ফিলিপাইন ও নেপাল বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

আগের সংবাদদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদটাইম ম্যাগাজিনে মোদি : ভারতে বিভেদের গুরু