২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

ফাতেহ ডেস্ক:

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীতে ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার (২২ জুলাই) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিরোধী দলকে দমনে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। ভয় দেখিয়ে তারা (সরকার) বিরোধী দলকে দূরে রেখে নির্বাচন করার অপকৌশল করছে। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া এবার কোনো নির্বাচন হবে না। রাজপথেই ফয়সালা হবে।’

বিএনপির মহাসচিব বলেন, দাবি একটাই, সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ। এই দাবিতেই ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা দুইটায় ঢাকায় মহাসমাবেশ হবে।

‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের’ আয়োজন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে তারুণ্যের সমাবেশ শুরু হয় বিকেল তিনটার পর।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম। তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন।

আগের সংবাদকুরআন অবমাননা: এবার সুইডিশ কূটনীতিককে তলব করল সৌদি আরব
পরবর্তি সংবাদচতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর