
ফাতেহ ডেস্ক:
গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না সদ্য যোগ দেওয়া তিন হাজার পুলিশ কনস্টেবল। দুই মাস ধরে বেতন পেতে দেরি হওয়ায় পুলিশকে নিয়ে বিভিন্ন জায়গায় চলছে আলোচনা-সমালোচনা। অবশ্য এ বিষয়ে পুলিশ সদরদপ্তর বলছে, আইবিএএস প্লাস প্লাস সফটওয়্যারের কারণে বেতন দিতে কিছুটা সমস্যা হচ্ছে। এটি দ্রুত সমাধান হয়ে যাবে।
বুধবার (১৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের কমর্রত বেশ কয়েকজন নতুন পুলিশ সদস্যরা এ সব সমস্যার কথা জানান। তবে কেউ এবিষয়ে সরাসরি নাম প্রকাশ করতে চাননি। তাদের দাবি, দুই মাস ধরে বেতন হচ্ছে না সদ্য যোগ দেওয়া আমাদের মতো পুলিশ কনস্টেবলদের। বর্তমানে খুবই কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। বাড়িতে টাকা পাঠাতে পারছেন না। উল্টো বাড়ি থেকে ধার করে টাকা এনে চলতে হচ্ছে।
তথ্য মতে, ২০২১ সালে তিন হাজার সদস্যকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের সুপারিশ করা হয়। ২০২২ সালের জুলাই ও আগস্টে ধাপে ধাপে দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিটে তারা যোগ দেন। কিন্তু এখন পর্যন্ত প্রথম দুই মাসের বেতন পাননি তারা। কিছু সংখ্যক সদস্যের বেতন ঢুকলেও অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত অধিকাংশই এক টাকাও বেতন পাননি।
