
ফাতেহ ডেস্ক:
চল্লিশ দিন জামাতের সঙ্গে মসজিদে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৭-১৫ বছরের ১৫ জন শিশু-কিশোর। ১৫ জনকে বাইসাইকেল এবং পাঁচজন শিশুকে দেওয়া হয়েছে ডিনার সেট ও আটজন শিশু পেয়েছে পবিত্র কোরআন শরিফ।
শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় উত্তর গোবিন্দপুর আদর্শ গ্রাম বায়তুল আমান জামে মসজিদ কমিটির উপদেষ্টা হাজি আবু তাহের সভাপতিত্বে উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব আল্লামা মুফতি ইলিয়াস বিন মাজেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা ক্বারি মুহাম্মদ কাসেমী, হজরত মাওলানা ছিদ্দিকুল্লাহ সাহেব।
ফেনী সদর উপজেলার ৬নং কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর আদর্শ গ্রামে বায়তুল আমান জামে মসজিদ শিশুদের নামাজের দিকে ধাবিত করতে এই উদ্যোগ নেয়। স্থানীয় প্রবাসীদের অর্থায়নে এ উদ্যোগ নিয়েছেন মসজিদ কমিটির উপদেষ্টা প্রবাসী মো. হারুন। এ বিষয়ে মসজিদের খতিব মাওলানা নূর মুহাম্মদ বিন গাজী বলেন, কোমলমতি শিশুদের মসজিদমুখী করতে এই উদ্যোগ।
তাকবিরে উলা নামাজ আদায় ও পরিচালনার জন্য উত্তর গোবিন্দপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব বিচারক হিসেবে ছিলেন। গত ২২ নভেম্বর ফজর নামাজ দিয়ে শুরু এই কার্যক্রমের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর।
