৫ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

ফাতেহ ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হওয়ার পাঁচ দিন পর লাশ ফেরত দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতের খোচাবাড়ী ক্যাম্প এলাকায় বিজিবির কাছে লাশটি হস্তান্তর করে বিএসএফ।

নিহত ওই যুবকের নাম শ্রীকান্ত রায় (৩০)। তিনি উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলু রামের ছেলে। গত রবিবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হন তিনি।

শ্রীকান্তের বাবা খেলুরাম গণমাধ্যমকে বলেন, ‘গত সোমবার থেকে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছিল। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম লাশ ফেরত দেবে না। অবশেষে ছেলের লাশ পেলাম।’

লাশ ফেরতের সময় হরিপুর থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর, কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা ও নিহত যুবকের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইট ভাটায় কাজ করার উদ্দেশে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের কাছে পৌঁছালে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। এতে বিএসএফের গুলিতে নিহত হন শ্রীকান্ত। সারারাত সীমান্তে পড়েছিল নিহত শ্রীকান্তের লাশ। মঙ্গলবার সকালে খোচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে যায়।

আগের সংবাদতাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের আলোচনা সভা রোববার
পরবর্তি সংবাদআসিয়ান সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে সিঙ্গাপুর