
ফাতেহ ডেস্ক
বরিশালের গৌরনদী উপজেলায় এক শিশু (৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্লে গ্রুপের ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা মামলায় আকাশ খলিফা (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তোর করেছে পুলিশ। আজ সোমবার এ বিষয়টি আদালতে ওঠবে বলে জানা যায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটিকে তার এক চাচাতো ভাই বাড়ির পাশের পুকুর পাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে গেলে আকাশ পালিয়ে যায়। এ ঘটনার পর দ্রুত শিশুটিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মায়ের অভিযোগ, ‘আকাশের বাবা-মাকে এ ঘটনা জানালে তারা বিষয়টিকে কোনো গুরুত্ব না দিয়ে উল্টো ছেলের পক্ষ নিয়ে আমাদেরকে সম্মানহানীর ভয় ভীতি দেখায় ও চুপ-চাপ থাকতে বলে।’
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আকাশ খলিফা, বাবা মিজান খলিফা (৩৫) ও মা জেসমিন বেগমকে (৩০) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আজ বিকেল পৌনে ৪টার দিকে আকাশ খলিফাকে গ্রেপ্তার করেছে।
