
ফাতেহ ডেস্ক
তথ্য গোপন করে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে কক্সবাজারে ৬০০ রোহিঙ্গা ভোটারের বিরুদ্ধে মামলা করেছেন নির্বাচন অফিসার। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা। তিনি বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি মামলাটি করেন (মামলা নম্বর- জিআর-৯৯১/১৯, থানা মামলা নম্বর-৪১/১৯)। এ মামলায় পাঁচ রোহিঙ্গাকে লিডার হিসেবে উল্লেখ করে এজাহারনামায় আসামি করা হয়েছে। বাকি আসামিদের ‘অজ্ঞাতনামা তালিকায়’ রাখা হয়েছে।
এজাহারনামায় আসামিরা হলেন- কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়ার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে নুরুল ইসলাম নুরু(৪২), মৃত শহর মুল্লুকের ছেলে ইয়াসিন (৩৭), টেকনাফ নয়াপাড়া মুছনি রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের আবুল হাশেমের ছেলে আবদুল্লাহ(৫৩), ওবায়দুল্লাহ(৩৭) এবং কক্সবাজার সদরের ইসলামাবাদ খোদাইবাড়ি এলাকার মৃত ওলা মিয়ার ছেলে শামসুর রহমান(৫০)।
এদিকে এজাহারের প্রথম তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানা পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, অবৈধপন্থায় বাংলাদেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ছয় শতাধিক রোহিঙ্গা। এ ঘটনায় পাঁচজনকে এজাহারভুক্ত করে ৬০০ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
