
ফাতেহ ডেস্ক
টানা দুই বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানসহ ১৯ অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি।
সকালে রাজধানীর হোটেল লেকশোরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার ঘোষণা করেন। ক্ষমতায় গেলে জনগণের মালিকানা সুদৃঢ় করার প্রতিশ্রুতিও এসেছে ইশতেহারে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দিন আগে ১৯ দফা ইশতেহার ঘোষণা করলো বিএনপি। ইশতেহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মত প্রকাশের স্বাধীনতাসহ বেশ কিছু বিষয়ে অঙ্গীকার করেছে দলটি।
এর মধ্যে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, গণভোট পদ্ধতির পুনঃপ্রবর্তন, সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইন এবং বিশেষ ক্ষমতা আইন ৭৪’ বাতিল, বেকার ভাতা প্রদানের প্রতিশ্রুতি রয়েছে।
প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও উচ্চপর্যায়ের সরকারী কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর চলাচলের কারণে সাধারণ মানুষের যেনো দূর্ভোগ না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও রয়েছে বিএনপির ইশতেহারে। প্রথম ৩ বছরে দুর্নীতিমুক্ত ব্যবস্থায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে দুই লাখ লোককে চাকরি দেওয়ার কথা বলেছে বিএনপি।
