ফাতেহ ডেস্ক :
বাংলাদেশের বর্ষীয়ান আলেমেদ্বীন, বেফাকুল মাদারিস ও হাইআতুল উলয়ার সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলী সাহেব ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দিবাগত রাত (৩১ ডিসেম্বর) দেড়টার দিকে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি প্রফেসর ডা. মিজানুর রহমানের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, মরহুমের জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে এর আগে সকাল ৯ টা পর্যন্ত জামিয়া শারঈয়্যাহ মালিবাগে তার লাশ রাখা হবে।
