রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার প্রতারণা ও চক্রান্তমূলক চুক্তি করে যাচ্ছে: মুফতি ফয়জুল্লাহ

ওমর ফারুক:

রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে প্রতারণা ও চক্রান্তমূলক চুক্তি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। ফাতেহ২৪ এর কাছে একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল্লাহ বলেন, আমি মনে বাংলাদেশ সরকারের সঙ্গে মিয়ানমার সরকার বারবার প্রতারণার আশ্রয় নিচ্ছে। একটি রাষ্ট্র হিসেবে তাদের যে ন্যায় নীতির প্রয়োজন ছিল, এর ধারে কাছেও মিয়ানমার যাচ্ছে না। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের আরও জোরদার ভূমিকা রাখা প্রয়োজন।

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি শুধু বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত নয়। বিষয়টি একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। এ ইস্যুতে বাংলাদেশকে তো অবশ্য প্রধান ভূমিকা রাখতে হবে। সেইসঙ্গে সমগ্র পৃথিবীর সকল মানবতাবাদী ও মানবাধিকার পক্ষের যতো শক্তি আছে সবাইকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখ ও বেদনার বিষয় হচ্ছে মুসলমানরা যখন  নির্যাতিত হয়, যখন তাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয় তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও তথাকথিত মানবতবাদীরা নিশ্চুপ ভূমিকা পালন করে।

‘তারা মুসলমানদের রক্ত ও অন্যান্য জাতির রক্তের মধ্যে একটা রেখা টানতে চায়। এরা মুসলমানের রক্ত লাল না সাদা এর মধ্যেও পার্থক্য করতে চায় কিনা সন্দেহ রয়েছে। আমি শুধু বলতে চাই, অন্যান্য জাতির রক্ত যেমন লাল, মুসলমানের রক্তও লাল। এ জিনিসটা তাদের বুঝতে হবে এবং উদ্যোমী ভূমিকা রাখতে হবে।’

রোহিঙ্গাদের এ সঙ্কট কীভাবে মোকাবেলা করা সম্ভব এমন প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল্লাহ বলেন, প্রথমত আমি মনে করি ও বাংলাদেশ সরকারেরও এ দাবি ছিল, রোহিঙ্গাদের জন্য আরাকানে জাতিসংঘের অধীনে একটি সেফ জোন বা নিরাপত্তা বলয় তৈরি করা। এটি এখনো হয়নি। মিয়ানমারের বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তাও করা হয়নি। সেইসঙ্গে যারা নির্যাতিত হয়ে এ দেশে পাড়ি দিয়েছে তাদের যেভাবে আর্থিক সাপোর্ট দেওয়া প্রয়োজন ছিল তাও করা হয়নি। রোহিঙ্গা শরণার্থীরা বিশ্বের বৃহৎ শরণার্থী গোষ্ঠী। বাংলাদেশ তো বিষয়টি ওআইসিসহ আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। এখনো মনে হচ্ছে, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ সরকার যথেষ্ট আন্তরিক। তারা ভূমিকা রাখার চেষ্টাও করছে।

মুফতি ফয়জুল্লাহ বলেন, তবে বাংলাদেশ সরকারকে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের মধ্যে জোড়ালোভাবে বিষয়টি তুলে ধরতে হবে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এর জন্য কাজে লাগাতে হবে। এছাড়াও বাংলাদেশের মানুষকেও উজ্জীবিত করা যেতে পারে এই অনাচার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং তাদের কাজে লাগাতে পারে রোহিঙ্গাদের সেবায় এগিয়ে আসার জন্য।

রোহিঙ্গাদের সেবায় আলেমদের তৎপরতা কী আগের মতো আছে বলে মনে করছেন, এমন প্রশ্নে তিনি বলেন, রোহিঙ্গাদের সেবাদান একটি দীর্ঘ মেয়াদি একটি কাজ। প্রথমদিকে রোহিঙ্গাদের এ দেশে আসার বিষয়টি খুব ব্যাপকভাবে মিডিয়াগুলো প্রচার করে। তখন যেভাবে রোহিঙ্গাদের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এখন সেটা সেভাবে হচ্ছে না। সেসময় রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা ও সমস্যাগুলোও তুলে ধরা হয়েছিল। এখন মিডিয়ারও সেই ভূমিকা নেই।

‘তবে আলেম ওলামারা যথাসাধ্য চেষ্টা তরা করে যাচ্ছেন। সবসময় তারা এ বিষয়ে সচেষ্ট ছিলেন। তারা খেদমতে খলকের বিষয়টি প্রতিনিয়তই প্রাধান্য দেন। এটি হয়তো অনেকের দৃষ্টিতে পড়ছে না বা প্রচার হচ্ছে না।’

আগের সংবাদচট্টগ্রামে অজ্ঞাত রোগে ৬ দিনে ৪ শিশুর মৃত্যু
পরবর্তি সংবাদপ্রথম কেবলায় মুসলিমদের ছাড়া কারও অধিকার নেই: ফিলিস্তিনি ধর্মমন্ত্রণালয়