
ফাতেহ ডেস্ক: ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আউয়াল খানের পদত্যাগে বেসিক ব্যাংক নতুন করে সঙ্কটে পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পদত্যাগের জন্য ব্যাংকটির কোনো সমস্যা হবে না। পদত্যাগের বিষয়টি অপ্রাসঙ্গিক। এতে আমি মোটেও বিচলিত নই।’
চেয়ারম্যান- এমডির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আউয়াল খান পদত্যাগ করেছেন এমন প্রশ্নে মুহিত বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি চেয়ারম্যানকে কিছু জিজ্ঞাসাও করিনি। এমডির পদত্যাগের বিষয়টি খবরের কাগজ থেকেই জেনেছি। এর চেয়ে বেশি কিছু জানি না।
বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আউয়াল খান গত ১৪ আগস্ট পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত বিষয়ের কথা উল্লেখ করছেন। যোগদানের ১০ মাসের মাথায় পদত্যাগ করেন তিনি।
