
কাজী মাহবুবুর রহমান
গ্রাম এবং শহরের মধ্যে সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা মোটাদাগে পার্থক্য করা যায়। গ্রামের মানুষের ভেতর সামষ্টিকতা ও যুথবদ্ধতা বেশী। শহুরে মানুষ বিহঙ্গ স্বভাবের। একা একা নিজস্ব গন্ডির ভেতর তাদের জীবন কেটে যায়। গ্রামের এক প্রান্তে ঢুকে অপর প্রান্তের একটা বাড়ির ঠিকানা চাইলে মানুষ গড়গড় করে বলে দিবে। কিন্তু শহরে হয় এর বিপরীত। পাশাপাশি ফ্ল্যাটে দশ বছর থেকেও কারো নামটা পর্যন্ত জানা হয় না, এমনও হয়। গ্রাম ও শহরের ধর্ম পালনের ব্যাপারটাও ঠিক এইরকমই।
শহরের মানুষ একান্ত ব্যক্তিগত কাজের মত নামাজ পড়ে বের হয়ে যান। মসজিদ কেন্দ্রিকতা তাদের জীবনে কোন প্রভাব ফেলেই না বলা যায়। কিন্তু গ্রামের মানুষের ক্ষেত্রে ধর্ম যতটা বিধিনিষেধের, তার চেয়ে বেশী সংস্কৃতির। যিনি মসজিদে এক ওয়াক্ত নামাজও পড়েন না, তার বাড়ি থেকেও ইমামের জন্য খাবার আসে। এমনি আরো দেখা যাবে, নামাজের জন্য মসজিদে যতজন আসেন, মসজিদের কোন কাজ বা মিটিং-পরামর্শের জন্য তার চেয়ে অনেক বেশী মানুষ। শহরের চিত্র কিন্তু এটা নয়।
গ্রামে সাম্প্রদায়িক-সম্প্রীতিও বেশী। জীবিকার জন্য ব্যস্ত শহুরে মানুষের পক্ষে সাম্প্রদায়িকতা নিয়ে ভাবার অবসর থাকেনা। কিন্তু গ্রামে এসব নিয়ে কথা বলার মানুষ বেশী। খুব ছোট ছোট ঘটনা থেকে সাম্প্রদায়িক সংঘাত শুরু হইতে পারে। ধরা যাক, দুই ধর্মের দুইজন একটা ব্যক্তিগত ঘটনার রেশ ধরে এক মুসলমান হিন্দুকে গালি “মালাউন” বলে গালি দিয়ে দিল। এটা ঘটেও থাকে অনেক।
এই বোধ গ্রাম পর্যায়ের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বড় কারণ বলে মনে হয়। গ্রামের মানুষের পালনের ভেতর আনুষ্ঠানিকতাটাই বড় মনে হয়। এর বাইরে ধর্মের ভেতরগত বিষয় আশয় খতিয়ে দেখে তা পালন করার বৃত্তি, সে নিতান্তই কম। যেসব ইবাদতের সঙ্গে আর্থিক সংযোগ আছে, যাকাত হজ ইত্যাদি। এগুলোর প্রতিও আছে তাদের উদাসীনতা। এটা হয়ত সবখানেই আছে। কিন্তু গ্রামের উদাসীনতার চেহারাটা ভিন্ন।
কারো জায়গা জমি ব্যবসা বানিজ্য মিলে হজ যাকাতের পরিমান সম্পদ হয়ে গেছে। কিন্তু তিনি সেটা যাচাই করে দেখবার প্রয়োজনও মনে করবেন না। জেনে তারপর না মানা, এটা ভিন্ন বিষয়, কিন্তু জানার প্রয়োজনই বোধ না করা, এই উদাসীনতা কেন? ইসলামী শিক্ষার অভাবে? ইতিপূর্বেও বলেছি, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলি গ্রামমুখী করা অথবা গ্রাম কেন্দ্রিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।
