হালাল উপার্জন কী ও কেনো গুরুত্বপূর্ণ

আতা হাসিন: একজন মুমিন বান্দাকে বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যেমন কিছু বিধি-বিধান এবং নিয়ম মেনে চলতে হয়।

কিছু বিশ্বাস তাকে স্থাপন করতে হয়, কিছু ইবাদাত তাকে করে যেতে হয়, ঠিক এমনিভাবে তার জীবন চলার যত উপকরণ সেগুলোর ক্ষেত্রেও নির্ধারিত বিধি-বিধানের মধ্যে তাকে চলতে হয়। এর ভেতরে তার খাবার-দাবার, তার থাকা, পোশাক-পরিচ্ছদ এজাতীয় যা কিছু আছে, যাকে এককথায় আমরা রিযিক বলি- সবই অন্তর্ভুক্ত।

রিযিক শব্দটা অনেক ব্যাপক। অনেকে রিযিক বলতে শুধু খাবার বোঝে। রিযিক শুধু খাবার না। এই যা কিছু বললাম, সব কিছু এর ভেতরে আছে। যত রকমের ব্যবহার, যত রকমের উপভোগ, জীবন চলার জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবই রিযিকের অন্তর্ভুক্ত। এজন্য রিযিকের সাথে হালাল এবং হারামের কথা বলা হয়।

মালয়েশিয়ার এক মন্ত্রী মজার কথা বলেছিলেন। কথাটা সঠিক। কয়েক মাস আগে কোনো কনফারেন্সে তিনি বলেছিলেন, আমরা খাবার খাওয়ার সময় হালাল খোঁজ করি- শুকর না গরু, তা যাচাই করি। শুকর হলে খাই না, গরু হলে, মুরগি হলে খাই। কিন্তু এ গরু আর মুরগি কীভাবে অর্জিত হয়েছে- বৈধ পন্থায় না অবৈধ পন্থায়- ওই পর্যন্ত আমরা হালাল-হারাম খোঁজ করতে যাই না। হালাল-হারামের শেষ স্তরটা দেখি। মুরগি কিনতে পারছি, এটা ঠিক আছে। মুরগিটার জবাই ঠিক মত হয়েছে কি না- এটা কেউ কেউ খোঁজ করি, কিন্তু মুরগি যে পয়সা দিয়ে কিনল সে পয়সাটা হালাল, না হারাম ওটা আমরা দেখি না। হালাল এবং হারাম একেবারে উৎস থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত ধাপে ধাপে চলে।

হালাল-হারামের বিষয়ে হাদীসে বলা হয়েছে যে, আল্লাহ তাআলা রাসূলদের যে নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকেও সে নির্দেশ দিয়েছেন।

রাসূলদেরকে কী নিদের্শ দিয়েছেন-

یٰۤاَیُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّیِّبٰتِ وَ اعْمَلُوْا صَالِحًا.

রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন كُلُوْا مِنَ الطَّیِّبٰتِ অর্থাৎ পূতপবিত্র খাও! এবং এটা আগে বলেছেন। পরে বলেছেন- وَاعْمَلُوْا صَالِحًا।

ভোগ শব্দটা এখন খুব ব্যবহার হচ্ছে! আমার হাসিও আসে, দুঃখও লাগে। বাজেট পেশ করার সময় বলতে শোনা যায়, দেশ উন্নত হয়ে যাচ্ছে! উন্নত হয়ে যাচ্ছে!!

এবারের বাজেটের শ্লোগান ছিল ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের’। আমাদের অর্থমন্ত্রী সাহেব আলোচনার মাঝে দেশের জিডিপি বেড়ে গেছে, এই বেড়ে গেছে, সেই বেড়ে গেছে, এগুলো খুব লম্বা করে বলেন। কয়েক বছর থেকে বলছেন যে, ভোগ বাড়ছে! ভোগ বাড়ছে!! যেন ভোগ বাড়লেই উন্নতি হয়ে যায়। যেন মানুষ দুনিয়াতে শুধু ভোগের জন্য এসেছে।

ভোগ বাড়লে মানুষের উন্নতি হয়ে যায় কীভাবে? হয়ত ভোগ বাড়ছে বলে বোঝাতে চাচ্ছেন যে, মানুষ বেশি কামাচ্ছে, আয় বেশি হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, ভোগটা বৈধ হচ্ছে কি না? খুব বেশি যারা ভোগ করছেন, তারা ক’জন শুদ্ধভাবে কামাই করে ভোগ করতে পারছেন? ক’জন অবৈধভাবে কামাই করে ভোগ করছেন? এ বিষয়গুলো ফরক করার দরকার আছে। একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য, একজন মানুষের জন্য এ জিনিসগুলো পার্থক্য করার দরকার আছে।

ইসলামে কামাই করে খেতে মানুষকে বার বার উৎসাহিত করা হয়েছে। সাহাবায়ে কেরামের জিজ্ঞাসায় এসেছে, কোন্ খাবারটা ভালো, কোন্ কামাইটা ভালো। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাষায় বলেছেন-

عمل الرجل بيده، كسب الرجل بيده.

অর্থাৎ নিজের উপার্জিত আয় ‘আতয়াব’, মানে অতি উত্তম, বেশি ভালো। অর্থাৎ ইসলাম মানুষকে অলস বসে থাকার, অন্যের ধন-সম্পদে নজর দেওয়ার, বেকার-ভাতা গ্রহণ করার জন্য বসে থাকার এবং দান-সদকা নির্ভর থাকার প্রতি উদ্বুদ্ধ করেনি। এর বিপরীতটার প্রতি উদ্বুদ্ধ করেছে। মানুষ কামাই করবে, খরচ করবে। এটার প্রতি উদ্বুদ্ধ করেছে। শুধু উদ্বুদ্ধই করেনি, বাস্তবে দেখিয়ে দিয়েছে।

রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওতপ্রাপ্তির পূর্বেই মৌলিক দুটো কাজ, মানুষের কামাইয়ের মৌলিক দু’টো মাধ্যম অতিক্রম করে এসেছেন। মৌলিক দু’টো মাধ্যমের একটা হল, শ্রমের মাধ্যমে অর্থ যোগাড় করা। আরেকটা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করা।

এ দু’টো স্তরই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে অতিক্রম করে এসেছেন। এবং বিশ্বস্ততার সাথে, সুনাম-সুখ্যাতির সাথে অতিক্রম করে এসেছেন। হাদীসে আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত নবীগণ আগে গেছেন, সবাই বকরি চরিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আপনিও? বললেন, হাঁ! আমিও এক কবিলার ছাগল চরিয়েছি।

আরেকটা কথা বলে নিই, শ্রেণিবৈষম্যগুলো পরের তৈরি জিনিস। আমাকে দিয়ে শুরু করি। আমরা একটি বিশেষ পরিচয় বহন করি। এখন আমাকে যদি ক্ষেতের কাজে লাগিয়ে দেওয়া হয়, তো কেমন হবে বলেন তো।

আমি যদি বাদাম বেচতে নেমে যাই, আপনি বলবেন যে, কেমন কথা! একজন হুযূর হেঁটে হেঁটে ‘গরম বাদাম’, ‘গরম বাদাম’ বলে। এটা এমন পরিবেশ তৈরি হয়ে গেছে বিধায় এমনটি লাগছে। কিন্তু এ রকম আগে ছিল না। ইতিহাসে তো স্বর্ণাক্ষরে লেখা আছে, খলিফা আবু বকর সিদ্দীক রাযিআল্লাহু আনহু মাথায় কাপড়ের পুঁটলি নিয়ে বাজারে যাচ্ছিলেন।

এখন তো এগুলো কমে গেছে। গ্রামে আমরা এ জিনিসটা দেখতাম। গ্রামে হাট বসত সপ্তাহে এক দিন, দু’দিন। বেশির ভাগই দোকান ঘর-ছিল না। বরং মাচানের মত থাকত।

আর বাহির থেকে পুঁটলি নিয়ে নিয়ে দোকানদাররা ওই জায়গাগুলোতে গিয়ে বসত। সেখানে তারা বিক্রি করে আবার রাতে চলে আসত। এই তরিকা ছিল। আমার ধারণা, আবু বকর সিদ্দীক রাযিআল্লাহু আনহু এভাবেই মাথায় পুঁটলি নিয়ে যাচ্ছিলেন বাজারে।

তো একদিন তিনি যাচ্ছেন, ওমর রাযিআল্লাহু আনহু রাস্তায় তাকে আটকিয়ে দিয়েছেন। আপনি পুঁটলি নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি পুঁটলি নিয়ে বাজারে গেলে রাষ্ট্র চালাবে কে?

যাই হোক, এই যে খলিফা মাথায় পুঁটলি নিয়ে যাচ্ছেন, এটা দোষের ব্যাপার ছিল না। ওমর রা.-ও দোষের মনে করেননি। বলেননি, হায় হায় দেখতে কেমন লাগে।

আপনি খলিফাতুল মুসলিমীন। আপনি মাথায় পুঁটলি নিয়ে যাচ্ছেন। তিনি বলতে চেয়েছেন, আপনি ব্যবসায় লেগে গেলে রাষ্ট্র পরিচালনার সময় পাবেন কোথায়? খলিফা! কোথায় যাচ্ছেন? তাহলে রাষ্ট্র চালাবে কে? হযরত ওমর রাযিআল্লাহু আনহু বলেননি যে, এটা তো মানায় না আপনার জন্য। আসলে মানায় কি মানায় না এ প্রশ্ন নেই। শরীয়ত বলে যে, তুমি হালাল কামাই কর। শরীয়ত এতে মানুষকে আরো উৎসহিত করে।

হাদীসের মধ্যে আমাদের যে বর্ণনাকারীগণ আছেন, আপনারা যে মশহুর কিতাবগুলোর নাম শোনেন- বুখারী, মুসলিম, তিরমিযী। ওখানে বর্ণনাকারীদের নামের শেষে বিভিন্ন লকব লাগানো থাকে। ‘আলহাযযা’ও আছে সেখানে। ‘হাযযা’ মানে মুচি।

আমি একটার নাম বললাম শুধু। এমন একটা বললাম যেটা শুনতে আপনার কাছে একেবারেই কেমন কেমন লাগবে। আলহাযযা-মুচি। আমাদের দেশে রীতি হয়ে গেছে এই কাজ বিশেষ শ্রেণির লোকেরা করে। এজন্য এটা কেমন কেমন লাগে। কিন্তু আমরা অন্যান্য দেশে দেখেছি, বাকায়দা নামাযী লোক, দাড়িওয়ালা লোক, তারা মুচিগিরীও করছে, আবার অন্য আরো কাজও করছে। এটাকে দোষ মনে করা হচ্ছে না।

আরো আছে, খায়্যাত-দর্জি। এ ধরনের পেশার লোকদের নাম হাদীসের কিতাবে আছে, যাদের জীবিকা নির্বাহের জন্য ভিন্ন পেশা ছিল এবং তারা দ্বীনের কাজ করে গেছেন, ইসলামের খেদমত করে গেছেন। আমি আমাদেরকে দিয়ে শুরু করলাম। কারণ, শ্রেণিবৈষম্য আমাদের মধ্যেও শুরু হয়েছে।

আমরা হুযূররা এখন শুধু মসজিদ-মাদরাসা নিয়ে আছি। অন্য কাজ করে খাব, সাথে মাদরাসা-মসজিদে কাজ করব, এটা এখন সাধারণত আমাদেরকে দিয়েও হয় না। না হওয়ার বিভিন্ন কারণ আছে ঠিক। আলেম-গায়রে আলেম সবাই মিলে যদি আমরা এ কাজগুলো করতাম তাহলে ভাগাভাগি করে করতে পারতাম। মানে সাধারণ শিক্ষায় শিক্ষিত ভাইয়েরা কিছু দ্বীনের কাজ করবে, আমরাও কিছু দ্বীনের কাজ করব। তাহলে মিলেমিশে করতাম। ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাসেবা আমরা পারব না, কিন্তু অন্যান্য সাধারণ কাজগুলো আমরাও করতে পারতাম কিছু কিছু। তাহলে কাজ ভাগাভাগি হত। কিন্তু এখন ভাগ করে ফেলেছি। আপনারা বলছেন, আমরা শুধু মাখলুকের খেদমত করব, আপনারা শুধু দ্বীনের খেদমত করতে থাকেন। ভাগ হয়ে গেছে। এ ভাগের বিষয়টা আগে এত প্রকটভাবে ছিল না।

সময় এসেছে এ সঙ্কট নিরোসনের। তাহলে একটি সুন্দর ও ভারসাম্য সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারবো।

 

আগের সংবাদবাংলাদেশের সক্ষমতা মূল্যায়ন শুরু করছে জাতিসংঘ
পরবর্তি সংবাদআগামী নির্বাচনে ইসলামী রাজনীতির হিসাব-নিকাশ কী?