
শরীফ মুহাম্মদ
এবার নির্বাচনী বাতাস শুরু হতে না হতেই একটি মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। আলেম রাজনীতিবিদদের কেউ এইদিকে যাচ্ছেন, কেউ ওইদিকে যাচ্ছেন। এ নিয়ে বাতাস এখন ইসলামী রাজনীতির অঙ্গনে মোটামুটি গরম। সারা বাংলাদেশে নির্বাচনের প্রেক্ষাপট এখনো জোরালো হয়ে উঠেনি। বরং চারদিকে এক ধরণের সংশয় ঝুলে আছে। বৃহৎ বিরোধী দলগুলো কোনদিকে যাবে, এটা নিয়েও একটা তর্ক চলছে। সুষ্ঠু নির্বাচন হবে কি না- এ নিয়েও চলছে বাদানুবাদ । এ নির্বাচন আদৌ ভোটের নির্বাচন হবে কি না সে বিষয়েও মানুষের শঙ্কা কাটছে না। কিন্তু ইসলামী দলগুলোর নির্বাচনী তৎপরতা খুব দৃশ্যমান হয়ে উঠছে।
কোনো কোনো দল তিনশ’ আসনেই লড়বে বলে ঘোষণা দিয়েছে । কোনো কোনো দল ইতিমধ্যেই এরশাদের জাতীয় পার্টির সঙ্গে জোট গড়েছে। কোনো কোনো ব্যক্তি বা ইসলামী দলের প্রধান ব্যক্তি নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য প্রকাশ্যে দেনদরবার করছেন।তার বা তাদের গণসংযোগের নিউজ চলে এসেছে এবং সামনে হয়তো এজাতীয় আরও পথবদলের ভাঙচুর হবে, আরও মেরুকরণ হবে। এ বিষয়গুলোর সবই কি সম্ভাবনা? এসব চিত্র আসলে কিছু সম্ভাবনার পাশাপাশি নতুন কিছু সংশয় কিংবা শঙ্কারও জন্ম দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে।
এ পরিস্থিতিতে সম্ভাবনার দিকটি হচ্ছে এই, এখন আমাদের ইসলামী দলগুলোর পক্ষ থেকে যদি সফল, সুন্দর, যুক্তিশীল এবং নৈতিক চেতনায় উদ্দীপ্ত পাঁচ-সাত জন সংসদে যেতে পারে , হতে পারে ওই পাঁচ-সাতজন অত্যন্ত জোরালো ভূমিকা রাখবে এবং তাদের ওই ভূমিকার কারণে জাতি কিছু উপকার ভোগ করবে। ইসলামী মূল্যবোধের ওপর আসন্ন ছোট -বড় বিপর্যয় অথবা সংশয় বা সঙ্কট কাটাতে তারা সফল হবেন ।
অপরদিকে আবার এমনও হতে পারে, এই যে বিক্ষিপ্ততাগুলো তৈরি হচ্ছে, এ বিক্ষিপ্ততাগুলোর কারণে কেউ সংসদে যেতেই পারবে না। অথবা দু- একজনের যেতে পারা – না পারার মধ্যেই আদর্শিক সঙ্কটটা অনেক বড় হয়ে উঠবে। এমপি হওয়ার জন্যে নানামাত্রিক বিপরীত মেরুর আদর্শের সঙ্গ গ্রহণ যদি জোরালো হয়ে উঠে আর বাস্তব ফলাফলটাও শূণ্য ঝুলির মতো হয়, তাহলে সেটাও একটা বড় সঙ্কট তৈরি করবে। বাংলাদেশে ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনগুলোর জন্য আসন্ন নির্বাচনটা তাই বড় একটা পরীক্ষাক্ষেত্র হিসেবে সামনে আসছে, বলা যায় ।
এটা এই অর্থে পরীক্ষা ক্ষেত্র যে, এমপি হওয়ার পাগলা দৌড়ে কারা কারা ঝাঁপিয়ে পড়বে, এটাও এখন সামনে চলে আসবে। কারা খুব সূক্ষ্ণতার সঙ্গে রাজনৈতিক বুঝ-বুদ্ধির পরিচয় দেবেন এ দৃশ্যটাও দেখা যাবে। হঠকারিতা কিংবা অগ্রহণযোগ্য সরলতার ব্যাপারগুলোও চোখ এড়িয়ে যাবে না।
হঠকারিতার ব্যাখ্যা হচ্ছে, আপনার হয়তো বিক্ষিপ্ত সম্ভাবনা আছে, তবে এককভাবে নির্বাচনের কারণে কোনো আসনই আপনি পেলেন না। এটাও একটা সঙ্কট। আবার কারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে আদর্শের সীমারেখা ঠিক রেখে, ভোটের বাতাস বুঝে, যে কারণে এমপি হওয়া দরকার ওই কারণ ঠিক রেখে জোট করবেন তাদেরও উজ্জ্বল একটা ছবি ফুটে উঠবে। এসবের মধ্য দিয়েও একটা সম্ভাবনার পথ হয়তো তৈরি হবে।
কথাটা আগেও বলেছি।গত তিন – চার মাসে বাংলাদেশের রাজনীতিকদের সামনে কয়েকটি উদাহরণ চলে এসেছে। উদাহরণটি জোটের এবং মেরুকরণের। একটি হচ্ছে মালয়েশিয়া। সেখানে আনোয়ার ইব্রাহীম এবং ড. মাহাথির মুহাম্মদ, যারা প্রচণ্ড বিপরীত মেরুর ছিলেন। তারা নাজিব রাজাককে -যিনি সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন তাকে- পরাজিত করার জন্যে জোট করে অলরেডি সরকার গঠন করে তাকে গ্রেফতার করেছেন। একইভাবে পাকিস্তানে প্রভাবশালী রাজনৈতিক দল নওয়াজ শরীফের মুসলিম লীগ (এন) এবং বেনজির ভুট্টোর দল পিপিপিকে পরাজিত করে সামনে চলে এসেছেন ইমরান খান। এবং তিনিও নির্বাচনে আসার আগে নানা ধরণের সমঝোতা করেছেন। অন্য দলের লোকজনকে সঙ্গে নিয়েছেন। এমনকি শপথ গ্রহণের আগেও তাকে জোট করতে হয়েছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্যে।
এই দুটি মেরুকরণের উদাহরণ বাংলাদেশের রাজনীতিকদের সামনে কিছু আশা, লোভ ও জটিলতা উপস্থিত করেছে। এসবই এখন পরীক্ষার বিষয় । দেখতে হবে বা দেখা যাবে যে, ইসলামী দলগুলো কতটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং ইসলামী দলগুলোর যারা নেতৃত্বদানকারী তারা কতটা সচেতনতার স্বাক্ষর রাখেন। আগামী সংসদে বা আগামী সরকারে তারা কতটা প্রভাবক হিসেবে, রাজনীতির নিয়ন্ত্রক হিসেবে এবং রাজনীতিতে সংযোজক হিসেবে ভূমিকা রাখতে পারেন। ইতিবাচক রাজনীতিতে তাদের উদাহরণটা কীভাবে আসে। বলা যায়, এসব বিষয়ের প্রতি মানুষের তীক্ষ্ণ চোখ থাকবে।
এ পরিস্থিতে আশঙ্কার যে দিক, সেটা এভাবে ব্যক্ত হতে পারে যে, ২০১৩ সালে সকল আলেমদের সঙ্গে নিয়ে হেফাজতে ইসলাম নামের সংগঠনটি প্রবল গণজোয়ার সৃষ্টি করেছিল। যেখানে প্রায় সব ইসলামী রাজনৈতিক দল ও কওমি মাদরাসাগুলোর অংশগ্রহণ ছিল। তাদের জাগরণের মধ্য দিয়ে দেশব্যাপী একটা আস্থা ও সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং নানাভাবে এই জাগরণের ওপর ভিত্তি করে আলেমদের ইসলামী রাজনীতি নিয়ে বড় রকম একটি আশাবাদ চাঙ্গা হয়ে উঠেছিল। এ নির্বাচনের সময়টাতে সেই আশাবাদের সৌধটি ভেঙ্গে পড়বে, না কি আরো উঁচু হয়ে উঠতে পারবে এ নিয়ে শঙ্কার জায়গাটি জটিল হয়ে উঠতে পারে।
নির্বাচনী রাজনীতির বাতাস শুরু হতে না হতেই বিভিন্ন দল ও ব্যক্তির টুকরা টুকরা অবস্থান আমরা লক্ষ্য করছি। এটা আসলে কতটা ইমেজ সঙ্কটে ফেলবে আলেম রাজনীতিকদেরকে এবং সামনে এই চিত্রটা আরো কোন কোন দিকে যাবে- এ শঙ্কার মাত্রাটাকে এখন আর ছোট করে দেখা হচ্ছে না। আবার উল্টো কিছুও ঘটে যেতে পারে সময় গড়াতে গড়াতে। রাজনীতি ও নির্বাচনে সময় ও সিদ্ধান্তের অঙ্কটা আসলেই বড় জটিল!
আলেমদের রাজনীতির বাইরের দল জামায়াতে ইসলামীর এবার নিবন্ধনই নেই। দল ও প্রতীক নিয়ে তারা কিছু করতে পারছে না। রাজনৈতিক জোটেও বিতর্কের নানা শাখায় ঝুলে আছে। এ অবস্থাতেও তারা জোটগতভাবেই নির্বাচনে যাবে বলে খবর আসছে। এসব প্রতিকূতা তাদেরকে ভালো কিছু করতে পারার সুযোগ কতোটা দেবে, বলাটা বেশ মুশকিল।
সব মিলিয়ে মনে হচ্ছে, নির্বাচনের তিন মাস আগে, দুইমাস আগে, একমাস আগে পরীক্ষার ধরণ পরিবর্তন হবে। দৃশ্য-চিত্র বদলে যেতে থাকবে। এখানে মেধাবি, বুদ্ধিদীপ্ত এবং নৈতিকভাবে উদ্দীপ্ত আলেম ও আদর্শিক পথ ধরে চলতে চাওয়া ইসলামী রাজনৈতিক দল এবং মোহাচ্ছন্ন ও মোটাবুদ্ধির রাজনীতিকদের বিজয় ও স্খলনের একটি পরীক্ষা হবে। এটাই হয়তো জাতি সামনের দিনগুলোতে দেখবে। ইসলামী রাজনীতির কল্যাণকামীদের চাওয়া, রাজনীতিক আলেমরা এ পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং ভালো কিছু করবেন। জাতির সামনে ইসলামী রাজনীতির অত্যন্ত ইতিবাচক একটি দিক তারা সামনে আনবেন।
জয় -পরাজয় আগে বলা যায় না। কিন্তু ভোটের সম্ভাবনা, বুদ্ধিদীপ্ত পদক্ষেপ, সঙ্কট উত্তরণে সহায়ক নৈতিক অবস্থান অটুট রেখে কাজ করে গেলে তারা হারবেন না, এটা নিশ্চিত করেই বলা যায় ।
# অনুলিখন: ওমর ফারুক
( পড়ুন, বাংলাদেশে ইসলামী রাজনীতির গতি ও প্রকৃতি )
