
ফাতেহ ডেস্ক: মরিচা ধরা বিশাল এক পণ্যবাহী কন্টেইনার জাহাজ। সেখানে নেই কোনো ক্রু। এমনকি কোনো পণ্যের হদিসও মেলেনি।
এমনই একটি জাহাজ ভেসে এসেছে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে। এ সপ্তাহের শুরুতে প্রথমে জাহাজটি মিয়ানমার উপকূলে ভাসতে দেখে জেলেরো। এরপর তারা পুলিশে খবর দেন।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, কোথা থেকে, কিভাবে এই জাহাজ দেশটির উপকূলে ভেসে এসেছে, তা কেউ জানে না। তাই রহস্যময় এই জাহাজ নিয়ে চিন্তায় পড়েছে দেশটির পুলিশ।
ইয়াঙ্গুনের পুলিশ বলছে, তবে মিয়ানমার পুলিশ এর নেপথ্য কারণ অনুসন্ধানে কাজ করছে। জাহাজটির গায়ে লেখা ‘স্যাম রাতুলাঙ্গি পিবি১৬০০’। ওই জাহাজটিতে কোনো নাবিক বা পণ্য নেই।
বৃহস্পতিবার এতে প্রবেশ করেন কর্র্তৃপক্ষ ও নৌবাহিনীর লোকজন। তারা তা পরীক্ষা করে দেখেন। কিন্তু কোনো ক্লু উদ্ধার করতে পারেন নি।
দেশটির পুলিশ ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছে, উপকূলে ভেসে আসা ওই জাহাজটিতে রয়েছে ইন্দোনেশিয়ার একটি পতাকা। ২০০১ সালে নির্মিত এ জাহাজটি ১৭৭ মিটার বা ৫৮০ ফুট লম্বা। সর্বশেষ এ জাহাজটি দেখা গিয়েছিল তাইওয়ান উপকূলে ২০০৯ সালে।
