
ফাতেহ ডেস্ক: সিরিয়া যুদ্ধ এখন শেষের দিকে। বাশার আল আসাদের পতন হয়নি। রাশিয়া ও ইরানের সরাসরি সহযোগিতায় সিরিয়ার আসাদ সরকার টিকে রয়েছে।
গত ৭ বছরে সিরিয়ায় গৃহযুদ্ধে আসাদের পক্ষে থেকেছে রাশিয়া ও ইরান। কিন্তু যুদ্ধ শেষে ফসল ঘরে তুলতে ইরান ও রাশিয়ার মধ্যে সংঘাত সৃষ্টির জোর আশঙ্কা দেখা দিয়েছে।
যুদ্ধ শেষে সিরিয়াতে এখন পুনর্বাসন কাজ শুরু হবে। বিজয়ী আসাদ এই পুনর্বাসন কাজে স্বাভাবিকভাবেই তার মিত্র দেশ ছাড়া অন্যদের অংশ নেয়ার সুযোগ দিবে না। এক্ষেত্রে ইরান ও রাশিয়া শুধুমাত্র পুনর্বাসন কাজের অংশীদার হবে বলাই বাহুল্য।
গত মঙ্গলবার সিরিয়া উপকূলে রাশিয়া নৌবহর পাঠিয়েছে। রাশিয়ার এমন আক্রমাণাত্নক তৎপরতার সমালোচনা করেছে ন্যাটো।
রাশিয়ার মিডিয়া বলেছে, মস্কো ২০১৫ সালে সিরিয়া যুদ্ধে অংশ নেয়ার পর থেকে সবচেয়ে বড় নৌ সমাবেশ করেছে দেশটি।
এদিকে আসাদ বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি হচ্ছে সিরিয়ার উত্তরের ইদলিব প্রদেশ। সেখানে অভিযান চালাতে সর্বাত্নক প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও আসাদ বাহিনী।
রাশিয়ার নৌবাহিনী যখন সিরিয়া উপকুলে অবস্থান নিচ্ছে তখন বাশার আল আসাদের সাথে নতুন সামরিক চুক্তি করেছে ইরান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী দামেস্কে গেলে এ সপ্তাহের শুরুতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইরান সিরিয়ার সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্প পুননির্মাণ করতে সহযোগিতা করবে।
এদিকে ইসরাইল মনে করছে, এর মাধ্যমে ইরান সিরিয়াতে দীর্ঘদিন অবস্থান করার বার্তা দিচ্ছে। তবে ইসরাইল এটাকে সমস্যা মনে করছে না। বিদ্ধস্ত সিরিয়ান আর্মি পুনর্গঠন ইসরাইলের জন্য উদ্বেগের নয় বলে মনে করছে ইসরাইলি কর্তৃপক্ষ।
গত ৭ বছর ধরে সিরিয়া যুদ্ধে ইরান ও রাশিয়া যুক্ত আছে। দেশ দু’টি কখনোই একে অপরের সাথে দ্বন্দ্বে জড়ায়নি। তবে ইসরাইলের কর্মকর্তারা মনে করছেন, ভবিষ্যতের কয়েকটি ইস্যুতে দেশ দু’টি এবার দ্বন্দ্বে জড়াতে পারে।
সিরিয়া পুনর্গঠনের কাজ পাওয়া এবং যুদ্ধ সত্ত্বেও এখনো অক্ষত থাকা তেলক্ষেত্রগুলোর দখল নিতে ইরান ও রাশিয়া উভয় দেশ একে অপরকে টেক্কা দিতে চাইবে।
‘নতুন সিরিয়া’য় কার প্রভাব বেশি থাকবে সে বিষয়ে ইরান ও রাশিয়ার পক্ষে সহজেই সংঘাতে জড়ানোর আশঙ্কা রয়েছে।
সিরিয়া পুনর্গঠনে একটি দেশ নিজেদেরকে কোন সংঘাতের মধ্যে রাখছে না। দেশটি হচ্ছে আমেরিকা। নতুন সিরিয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি বোঝা যাচ্ছে না। তবে এটা স্পষ্ট যে, আমেরিকার কোন অর্থ সিরিয়াতে যাবে না।
জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত নিকি হ্যালি মঙ্গলবার ওয়াশিংটনে ইরান ও রাশিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, তোমরাই ভেঙেছো, তোমরাই জিতেছো। সিরিয়া পুনর্গঠনে অর্থ ব্যায় থেকে আমেরিকা বিরত থাকবে। আসাদ ও রাশিয়া ধ্বংসস্তুপ ছাড়া আর কিছুই সেখানে অর্জন করতে পারেনি।
