মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত

ফাতেহ ডেস্ক: গেটম্যানের অবহেলার কারণে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজার এলাকায় রেললাইনে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

রবিবার ভোর সাড়ে ৩টার দিকে বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ৫’শ মিটার দূরে গিয়ে পড়ে বাসটি। আহতদের মধ্যে চালকসহ ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম সুনির্মল চাকমা (৫৫)। তিনি খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী বলে জানা গেছে।

এদিকে এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইনের ওপর থেকে বাসটি সরিয়ে নেয়ার পর ভোর ৫ টা ৫০ মিনিট থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

জানা যায়, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি বাস রেললাইনের ওপর উঠে পড়ে। গেটম্যান গেট না ফেলায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ের ওই ক্রসিংয়ে গিয়ে অভিযুক্ত গেটম্যান মো. আরিফকে পাওয়া যায়নি। ঘটনার পর তিনি পালিয়ে যায়।

আগের সংবাদনির্বাচন স্বচ্ছ-গ্রহণযোগ্য করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত: নৌমন্ত্রী
পরবর্তি সংবাদনাইজেরিয়ার ৩০ সৈন্যকে হত্যা করলো বোকো হারাম