
ওমর ফারুক
রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে মায়ানমারের ওপর কার্যকরভাবে জোরালো আন্তর্জাতিক চাপ প্রয়োগে বাংলাদেশ সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী মুসতাইন জহির। ফাতেহ২৪ এর কাছে একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মুসতাইন জহির বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বা ফিরে যাওয়ার ব্যাপারটি ক্রমান্বয়ে বিলম্বিত হওয়া ও অনিশ্চিত হয়ে পড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। একেবারে প্রাথমিক শর্তগুলো পূরণ হয়নি। মায়ানমার সরকার সেখানে নিরাপদ পরিবেশ তৈরির জন্য এখন পর্যন্ত দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। নিরাপদে, নির্ভয়ে ও সম্মানের সাথে স্বেচ্ছায় তারা তাদের বাড়িঘরে ফেরত যাওয়ার মতো সেখানে সত্যিকার অর্থেই কোনো পরিবেশ তৈরি হয়নি। এমন পরিস্থিতির মাঝে সেখানে তাদের পাঠিয়ে দেওয়া অনুচিত ও অন্যায় হবে।
যে রাজনৈতিক সিদ্ধান্ত, সামরিক ও প্রশাসনিক পরিকল্পনার মাধ্যমে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসতে বাধ্য করা হয়েছে, তার সবকিছুই সম্পূর্ণভাবে সেখানে অটুট আছে। এর পরিবর্তন এবং অবসান না করে তাদের ফেরত পাঠানোর চেষ্টা মানে আবারও গণহত্যাকারীদের হাতে তুলে দেওয়া। এতে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে যতটুকু মানবিকতার পরিচয় দিয়েছে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশংসিত হয়েছে তার সবগুলোর বিপরীত ফল ফলবে। যদি আমরা জেনে শুনে তাদের সেখানে পাঠিয়ে দিই, সেটা গণহত্যাকারীদের সাথে হাত মেলানোর শামিল।
আরেকটা সমস্যা হচ্ছে, এটাকে প্রত্যাবাসনের মধ্যে সংকীর্ণ করে দেখা। এটা টেকসই সমাধান নয় এবং কোনোভাবেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না। শুধু রোহিঙ্গাদের ফেরত পাঠালেই চলবে না একই সাথে তা এই সমস্যার স্থায়ী সমাধানের অন্তর্ভুক্ত হতে হবে। এর আগেও দুইবার আমরা ফেরত পাঠিয়েছি, কোন লাভ হয়নি। আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কৌশলী ভূমিকা পালন করলে মায়ানমারের ওপর জোরালো এবং কার্যকর চাপ প্রয়োগ করা সম্ভব। মায়ানমারকে বাধ্য করার মতো কৌশলগত পন্থা ও আন্তর্জাতিক কোয়ালিশন তৈরি করে সমন্বিত ভাবে এগোতে পারলে বাংলাদেশের এ সঙ্কট কেটে যেতো। এটি আমরা পারিনি এবং সেরকম কোনো আন্তরিক জাতীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়নি। একে ওকে অনুরোধ করে বিশেষ কোনো ফল পাওয়া যাবে না, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি।
রোহিঙ্গাদের প্রত্যাবাসের ব্যাপারটি আরও সহজকরণ ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আরও কী ভূমিকা রাখতে পারে এমন প্রশ্নে মুসতাইন জহির বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে একটি দুর্বল জায়গা তৈরি করেছে ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পক্ষে সমর্থনের জন্য আরও জোড়ালো ভূমিকা রাখা উচিত ছিল। এগুলোর দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। একটি বিষয় হচ্ছে, রোহিঙ্গা গণহত্যায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পরও নিরাপত্তা পরিষদের সদস্য দুটি রাষ্ট্র খুব এর বিরোধিতা করছে।
চীন একে এক ধরণের চাপ হিসেবে দেখছে। যেটি নিন্দনীয়, অন্যায় এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের পক্ষাবলম্বন। চীন এটি করার কারণ হচ্ছে, চীন নিজ দেশের অভ্যন্তরে উইঘুর মুসলিমদের ১০ লাখ মানুষকে গ্রেপ্তার করে তথাকথিত সংশোধন শিক্ষালয়ে রেখেছে। সেখানে তাদের উপর নানা রকম শারীরিক মানসিক নির্যাতন সহ জোরপূর্বক শ্রমপ্রদানে বাধ্য করা হচ্ছে। এটা সিরিয়াস ক্রাইম, মানবতার বিরুদ্ধে অপরাধের অন্তর্গত। কোন জনগোষ্ঠী বা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করবার জন্য ধাপে ধাপে যেভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় এসব তারই অংশ, উদ্বেগের বিষয় হচ্ছে বৈশিষ্ট্যের দিক থেকে এগুলো গণহত্যার সূচনালগ্নের নমুনা।একটি জাতিকে গণত্যার দিকে ঠেলে নিয়ে যাওয়ার ইঙ্গিত।
চীন নিজেই যেটা করছে সেখানেও মানবাধিকার নেই। অতএব, আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপরে মায়ানমার যে গণহত্যা চালিয়েছে, চীন সেটাকেই কৌশলগতভাবে রক্ষা করছে। রাশিয়াও মিয়ানমারে সঙ্গে আছে। ভারতও চীনের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিষদে চীনের যে প্রভাব সেই প্রভাবের পাল্টা আন্তর্জাতিক যে সমীকরণ তাকে সমন্বিত করে সম্মিলিতভাবে বাংলাদেশ যে কার্যকর ভূমিকা নিয়ে এগুতে পারতো সেটার কোনো দৃশ্যমান তৎপরতা দেখছি না।
তিনি বলেন, বাংলাদেশ এটা নিয়ে প্রতিনিয়ত আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বজায় রাখার জন্য আলাদা করে কাউকে দায়িত্ব দেওয়া বা এটা নিয়ে কোনো আন্তর্জাতিক কমিটি গঠন বা জাতীয় পর্যায়ে দক্ষ একটি টিম তৈরি করে কাজ করার মত কোন কৌশল বা তৎপরতা দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে যারা সম্পৃক্ত, কাজ করছেন এবং সরব তাদের সঙ্গে অব্যাহত যোগাযোগ, বিভিন্ন দেশের সরকারগুলোর উপরে আরো জোরালো ভূমিকা পালনের জন্য চাপ সৃষ্টি করতে পারতো। এরজন্য বাংলাদেশের কোনো উদ্যোগও আমরা দেখছি না। একারণে বাংলাদেশ কূটনৈতিকভাবে এ বিষয়ে অত্যন্ত দুর্বল একটি পক্ষে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশেরই অত্যন্ত জোরালো ও শক্তিশালী ভূমিকা থাকার কথা ছিল।
তিনি বলেন, বাংলাদেশ সরকারিভাবে বা সরকারি পর্যায়ে কোনো কোনো দেশকে মায়ানমারের উপরে রোহিঙ্গাদের ফেরত নিতে চাপ প্রয়োগের অনুরোধ করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ অনুরোধ করলেই তো কেউ মায়ানমারের ওপর চাপ প্রয়োগ করবে না। সে জন্য রাষ্ট্রীয়ভাবে আপনার সেই প্রভাব ও চাপ তৈরি করার ক্ষমতা অর্জন করতে হবে। অথবা তাদের কাছে কোনো স্ট্র্যাটেজিক গুরুত্ব থাকতে হবে যার মাধ্যমে তাকে চাপ দিতে পারেন অথবা আন্তর্জাতিকভাবে এমনভাবে সক্ষমতা তৈরি করতে হবে যে, সে দেশের জনগণই যেন তাদের সরকারকে চাপ দিতে পারে। যেমন চীন, রাশিয়া না হোক জাপানের মতো দেশ যারা মায়ানমারকে নানাভাবে সহযোগিতা করছে তারাও মায়ানমারের ওপর চাপ প্রয়োগ থেকে বিরত থেকেছে।
এর কারণ কী ও তাদের শক্তিটা কোথায়? মায়ানমারের শক্তিটা হচ্ছে, মায়ানমার বিদেশি কোম্পানিগুলোকে তাদের দেশে বিনিয়োগের পথ খুলে দিয়েছে এবং তারা বিনিয়োগ করছেও। মায়ানমার গণহত্যা চালিয়েও এ ধারা অব্যাহত রেখেছে। যদিও অনেক কোম্পানি বিনিয়োগ থেকে পিছু হটেছে। কিন্তু অনেকেই বিনিয়োগ করছে। বাংলাদেশ এ ক্ষেত্রে মায়ানমারে বিনিয়োগ না করতে বিদেশি কোম্পানিগুলোকে মানবাধিকার প্রশ্নে নিরুৎসাহিত করতে পারতো। সেটা হতো একটা কৌশলি চাপ। এ চাপ নেওয়াটা মায়ানমারের জন্য কষ্টকর হয়ে যেতো। ন্যূনতম সেই দিকগুলো নিয়েও বাংলাদেশ সক্ষমতা ও দক্ষতা প্রদর্শন করতে পারছে না।
