
ওমর ফারুক
বাংলাদেশের বিকল্পহীন রাজনৈতিক দু’টি দল আওয়ামী লীগ ও বিএনপি। দুটির একটিকে বামপন্থীঘেঁষা ও ধর্মনিরপেক্ষ এবং অপরটিকে ডানপন্থীঘেঁষা ও ধর্মীয় বিষয়ে নমনীয় বলে মনে করা হয়। বাংলাদেশে স্বাধীনতা -উত্তর রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলেও অনেকটা এমনই মনে করা হয়। বিএনপি ডানপন্থী দল বলেই রাজনৈতিক মহলে পরিচিত। স্বাধীনতা- উত্তর সময় থেকে আজ পর্যন্ত আওয়ামী ধারার বিপরীতে বিএনপির বিকল্প রাজনৈতিক দল হিসেবে শক্তিশালী ও রাষ্ট্র পরিচালনায় সফল কোনো রাজনৈতিক দল দেশে গড়ে উঠেনি।
এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি অনেকটা বিএনপি ধারার রাজনীতি করলেও স্বৈরশাসনের তকমা লেগে আছে দলটির গায়ে। নানারকম বিতর্ক আর সমালোচনা থেকে দলটি মুক্ত হতে পারে না। যদিও তারা বার বার এ অবস্থান থেকে উঠে আসার চেষ্টা করেছেন। এ পরিস্থিতিতে একটি বৃহত্তর স্রোতধারায় আজও আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প কোনো শক্তিশালী রাজনৈতিক দল কেনো গড়ে উঠেনি? ধর্মনিরপেক্ষ আওয়ামী বিরোধী ধারার রাজনীতিতে ইসলামি দলগুলো কি বিএনপির বিকল্প হতে পারতো না? অনেকটা সময় গলায় গলায় রাজনীতি করেও সম্প্রতি বিএনপির সঙ্গে কেন ইসলামী দলগুলোর দূরত্ব বাড়ছে? এমন কয়েকটি প্রশ্ন উঁকি মারছে দেশের রাজনৈতিক মহলে? উত্তর খুঁজতে ফাতেহ২৪ -এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল দেশের কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞের সঙ্গে।
আওয়ামী লীগ ধারার বিপরীতে বিএনপির বিকল্প কোনো দল নেই কেনো? এমন প্রশ্নে তারা জানান, ‘বিএনপি রাজনৈতিক দলটি গঠন হয় মূলত ১৯৭৫ সালের পরে। আওয়ামী লীগের যখন একক আধিপত্য ছিল, দেশে বাকশাল ছিল, সেই পট পরিবর্তনের পরে। তখন মানুষের মাঝে বহুদলীয় রাজনীতির একটি প্রত্যাশা ছিল। প্রত্যাশা ছিল একদলীয় মুখবন্ধ এই অবস্থাটা পরিবর্তনের। পরিবর্তনটি যেভাবে হয়েছে এটি হয়তো সব মানুষ তখন চিন্তা করেনি। কিন্তু বিএনপি ক্ষমতা নেওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেশ কিছু প্রত্যাশা নিজ থেকে পূরণ করতে শুরু করেন।
বহুদলীয় গণতন্ত্রের সুযোগ তৈরী করেন। মুক্তিযুদ্ধ – উত্তর পরিবেশে জাতি কয়েকটি মেরুতে বিভক্ত ছিলো। এটিকেও একতাবদ্ধ করার চেষ্টা করলেন জিয়া তার মতো করে। ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। এই রাজনীতিরও তিনি অনুমোদন দিলেন। মুক্তিযুদ্ধের পর পর সঙ্কট, দুর্ভিক্ষ, পার্টিজমের দৌরাত্ব এসব বিষয়গুলো ৭২,৭৩, ৭৪ -এ খুব তীব্র আকার ধারণ করেছিল। এখান থেকেও এক ধরণের স্থিরতার দিকে তিনি নিয়ে গেলেন। বিএনপির ৮০, ৮১ সাল পর্যন্ত প্রথম পাঁচ বছরের রাষ্ট্র পরিচালনার ভিত্তিটি ছিল পরিস্থিতিগত ভাবে সফল। ওই সাফল্যের জেরটাই বিএনপি ভোগ করেছে দীর্ঘ সময়।
আধিপত্যবাদ থেকে মুক্ত থাকার একটি চেষ্টা, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা , ধর্মীয় রাজনীতির সঙ্গে বৈরিতামুক্ততা, ধর্ম নিরপেক্ষতাকে উঠিয়ে দেওয়া, সংবিধানে বিসমিল্লাহ স্থাপন – এইসব কারণে বিএনপি দেশের বেশিরভাগ মানুষের ব্যাপকভাবে একটি নিরব সমর্থন অর্জন করে নিয়েছিল। ধর্মপ্রাণ মানুষদেরও একটা সমর্থন ছিল।
বিএনপির রাষ্ট্র পরিচালনার প্রথম পাঁচ বছরের ভিত্তিটাই ছিল সমন্বয়মূলক। বিএনপির প্রথম পাঁচ বছর ছিল দেশ গঠনমূলক, বহুদলীয় গণতন্ত্রের পুনর্বিকাশমূলক, রাষ্ট্রের জন্য স্থিতিদানকারী , বিভাজন- বিরোধ ও রাজনৈতিক কর্মীদের হিংসাত্মক দৌরাত্ম সঙ্কোচনমূলক। এ ভিত্তিটাই বিএনপিকে পরবর্তীতে সুবিধা ও জনপ্রিয়তা দিয়েছে। মানুষের প্রত্যশাটাকে আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে ৯১ সালেও বিএনপি অভাবিতভাবেও বিজয়ী হলো। সেই সরকারটিও ছিল কিছুটা নমনীয় সমর্থনে গঠিত । ২০০১ সালেও বিএনপি বিজয় অর্জন করলো জোটের মাধ্যমে। এসব কারণেই মূলত বিএনপি বাংলাদেশে আওয়ামী ধারা বিরোধী একটি বিকল্পহীন দল বা প্লাটফরমের জায়গায় চলে গিয়েছে। এ অবস্থাটি এখনো রয়ে গেছে। সঙ্কটের মধ্যে পড়ে দলটি ভেঙে গেলে অবশ্যই এই বিকল্পহীনতা টিকে থাকতো না।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ‘বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতিটাই হচ্ছে প্রকট। আওয়ামী লীগ ও বিএনপি। এ দুটি দলকে ঘিরেই তাদের মতের কাছাকাছি বা অনুকূল কিছু দল এদের সঙ্গে এসে যুক্ত হয়। এজন্য বাংলাদেশে আওয়ামী লীগের অনিবার্যতাটা এক ধরণের ও বিএনপির অনিবার্যতাটা আরেক ধরণের। আওয়ামী লীগ তার জায়গা থেকে বিকল্পহীন এবং বিএনপি এন্টি আওয়ামী লীগ ভোটারদের যে ফ্রন্ট আছে এ ফ্রন্টের জন্যও বিকল্পহীন, একটি সমন্বয়ের রাজনৈতিক দল হওয়ার কারণে এবং বড় প্লাটফর্ম হওয়ার কারণে।’
এতকিছুর পরও ইসলামী দলগুলোর সঙ্গে সম্প্রতি বিএনপির দূরত্ব বাড়ছে বলে মনে করা হচ্ছে। বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসও বিএনপি জোট থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। এছাড়া কয়েকটি ইসলামি দলের ব্যাপারেও বিএনপিকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে জোট করার গুঞ্জন উঠছে।আলেমদের সঙ্গে বিএনপির এ দূরত্বের কারণটা কী?
এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশ্লেষক বলেন, ‘বিএনপির সঙ্গে ইসলামি দলগুলোর দূরত্ব প্রকৃত অর্থেই বেড়েছে কি না এটা এখনো বলা যাবে না। এটা স্পষ্ট হবে আরও কিছুদিন পর। এখনই এটা মীমাংসা করার যথার্থ সময় নয়। তবু যতটুকু দূরত্ব তৈরি হয়েছে এটার কারণ আমার কাছে মনে হয়েছে, কিছুটা বিএনপির আচরণ ও অবস্থান আর কিছুটা ইসলামী দলগুলোর অপারগতা । বর্তমান ক্ষমতাসীন দলের ভূমিকাও এখানে ছোট বলে মনে হয় না।’
তিনি আরো বলেন, প্রথমত আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির জটিল মেরুকরনে লম্বা সময় ধরে ক্ষমতার বাইরে থাকার পর নানান চাপে ইসলামি দলগুলোর সঙ্গে এক ধরণের সম্পৃক্ততাহীনতা প্রকাশ করা অথবা ইসলামি দলগুলোর ওপর অনির্ভরতা প্রকাশ করাটা হয়তো বিএনপির প্রয়োজন হয়ে পড়েছে। তারা সেটাই করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াতের সাথেও সেরকম আচরণে যাচ্ছে তারা। অপরদিকে ইসলামী দলগুলোও বিএনপির অবজ্ঞার বিষয়টিকে নিজেদের সঙ্কটের সঙ্গে মিলিয়ে একই প্লাটফর্মে থাকতে পারেনি। চাপের মুখে দৃঢ়তা দেখাতে পারেনি। তাদেরও মনে হয়েছে, আমাদের কৌশল করেই আগানো প্রয়োজন। তৃতীয়ত সরকারও ইসলামি দলগুলোর ক্ষেত্রে কৌশলী অবস্থান নিয়েছে। একদিকে তাদের কিছু দাবি দাওয়া পূরণ করা- আশ্বাস দেওয়া, অপরদিকে তাদের কিছু চাপে রাখা হচ্ছে বলে বোঝা যাচ্ছে । এ কারণে ইসলামী দলগুলোও শতভাগ সরকারের সঙ্গে বৈরিতার আচরণ করতে পারছে না। ফলে বিএনপির সঙ্গে তাদের কিছু দূরত্ব তৈরি হয়েছে। এখানে বিএনপি তো দায়মুক্ত নয়ই, সরকারেরও আছে কৌশলী অবস্থান, আর ইসলামি দলগুলোরও আছে কিছু অপরগতা। এসব কারণেই হয়তো এ পরিস্থিতি তৈরি হয়েছে।’
এমতাবস্থায় বিএনপির জায়গাটিতে ইসলামি দলগুলো বিকল্প হতে পারে কি না? মানুষের সমর্থনমূলক মনোভাবকে কাজে লাগিয়ে ইসলামি দলগুলো কি একটি শক্তিধর রাজনৈতিক দলে পরিণত হতে পারতো না বা পারছে না কেন? এ বিষয়টি নিয়ে কথা হয়েছিল ইসলামি চিন্তাবিদ ও লেখক শরীফ মুহাম্মদের সঙ্গে।
তিনি ফাতেহ২৪ কে জানান, ‘ইসলামী দলগুলো অনেক কিছুরই বিকল্প হতে পারে, এ শক্তি ইসলামী দলগুলোর রয়েছে। কিন্তু ইসলামী দলগুলোর আচরণে মনে হয় না যে তারা তাদের এ শক্তিটা সম্পর্কে পুরোপুরি সচেতন। তত্ত্বগত ভাবে বিষয়টি সম্ভব হলেও রাজনৈতিক বাস্তবতা এতো শিগগিরই এ সম্ভাবনার কথাটি বলে না। এ জন্য বলে না যে, রাজনৈতিক দলগুলো তাদের জোটবদ্ধ শক্তি সম্পর্কে পূর্ণ সচেতন কি না এটি তাদের আচরণে বোঝা যায় না। তাদের সম্ভাবনা সম্পর্কে যদি তাদের পূর্ণ সচেতনতা থাকতো এবং প্রজ্ঞা ও কৌশলের সঙ্গে তারা জোট করা বুঝতেন তাহলে এই বিকল্প হওয়াটা কিছুটা সম্ভব হয়ে উঠতো।
‘যেমন একটি উদাহরণ দিই। আলেমদের যতগুলো ইসলামী দল রয়েছে প্রথমে তারা যদি একটি জোট করেন, সেখানে ইসলামি আন্দোলন থেকে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দু’গ্রুপ, জমিয়তের দু’গ্রুপ, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ সকল দল একটি জায়গায় জোটবদ্ধ হয়, নিজেদের মধ্যে এই জোটটি করার পরে দ্বিতীয় ধাপে যদি তারা বিএনপি কিংবা বড় কোনো জোটের সঙ্গে আরেকটি নির্বাচনি জোটে যায় এ বলে যে, আমাদের আদর্শের কোনো মিল আপনাদের সঙ্গে নেই, আমরা শুধু নির্বাচনি জোট করবো। এর বিনিময়ে আমাদের ৫০/৬০ টি আসনের টিকিট দিতে হবে, তাহলে যেকোনো একটি বড় দল বা জোটের সঙ্গে তারা একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিয়ে থাকতে পারে। এবং সেখান থেকে তারা ত্রিশটি আসনেও যদি জয় লাভ করে তাহলেও বাংলাদেশে ব্যালেন্সের রাজনীতিতে ইসলামি দলগুলো একটি বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। যেটা এরশাদের জাতীয় পার্টি হয়ে যায় মাঝে মাঝে।’
তিনি বলেন, আওয়ামী লীগের বিপরীত ধারায় বিএনপির ঠিক বিকল্প না হলেও একটি বড় ধরণের প্লাটফর্ম ইসলামি দলগুলো হতে পারে। এর জন্য প্রচণ্ড নৈতিকশক্তি নিয়ে, নিজেদের ভেতরে সকল বৈষম্য, বিভেদ অতিক্রম করে শক্তিশালী একটি প্রাথমিক জোট আগে গঠন করতে হবে। এরপর আরেকটি বড় জোটের সঙ্গে নির্বাচনী কৌশলের ভিত্তিতে যুক্ত হতে হবে। তবে এখনই ইসলামী দলগুলির কোনো জোটের ৩ শ’ আসনে নির্বাচনে যাওয়া সুফলদায়ক হবে বলে মনে হয় না। ভোটের রাজনীতিতে এ পর্যায়টাতে ইসলামী দলগুলো এখনো যায়নি। বরং সবগুলো ইসলামী দল এক হয়ে জোট করলে এটা জাতীয় পার্টি থেকেও বড় একটি শক্তিশালী জোটবদ্ধ দলের মতো হবে। বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তিশালী একটি ধারা হিসেবেও পরিণত হতে পারবে। এটা এখনো সম্ভব।
‘আগামী এক মাসের মধ্যে সবগুলো ইসলামপন্থী রাজনৈতিক দল একসঙ্গে হয়ে গেলেই এটা সম্ভব। কিন্তু এটার জন্য নিজেদের আত্মশক্তিটা অনেক শক্তিশালী হতে হবে। তবে বাস্তবতা হলো, ইসলামী দলগুলোর বিভিন্ন দল ও ফোরামে যোগ দেওয়ার ব্যাপারে যে বিক্ষিপ্ততা দেখা যাচ্ছে, সে ক্ষেত্রে তাদের পক্ষে সত্যি সত্যিই একটি বিকল্প শক্তি হয়ে ওঠা অনেক সুদূর পরাহত ব্যাপার। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও এদিক থেকে এটা সহজেই সম্ভব নয়। এর জন্য যথেষ্ট পরিমাণ সমন্বিত ও যোগ্য নেতৃত্বও ইসলামি দলগুলোতে দেখা যায় না ।’
